আজকাল ওয়েবডেস্ক: হোলির বিশেষ উপহার। সমর্থকদের বিনামূল্যে টিকিট দিচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষ।
মোহনবাগানের আবেদনে সাড়া দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সরেছে নিজেদের সিদ্ধান্ত থেকে। চেন্নাইন ম্যাচে গ্যালারিতে দর্শকদের আচরণের জন্য কড়া শাস্তি ঘোষণা করা হয়েছিল। ওড়িশা ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্তে বদল এনেছে। যেখানে আগামী ৬ মার্চ আসন্ন হোম ম্যাচের জন্য সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশ পরিবর্তন করে আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, পুরোপুরি বঞ্চিত হতে হবে না সমর্থকদের। অর্ধেক টিকিট বিক্রি হবে। খেলা দেখতে পারবে ফ্যানরা।
এরপরেই মাস্টারস্ট্রোক দিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। জানিয়ে দিয়েছে, সদস্যদের তারা দুটি করে ফ্রি টিকিট দেবে। আবার মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছেন, শুক্রবার ওড়িশা এফসি ম্যাচে প্রত্যেক সমর্থককে বিনামূল্যের দু’টি করে টিকিট দেওয়া হবে। এই বিষয়ে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘প্রতি সদস্যকে দুটি করে ফ্রি টিকিট দেওয়া হবে ক্লাবের তরফে।’ কিন্তু আংশিক দর্শকের যেখানে প্রবেশাধিকার সেখানে তো সুপার জায়ান্টও সমর্থকদের দুটি করে ফ্রি টিকিট দিচ্ছে। সেক্ষেত্রে দর্শকসংখ্যা তো বেশি হয়ে যাবে। এ বিষয়ে দেবাশিসের মত, ‘আমরা সুপার জায়ান্টের সঙ্গে কথা বলেই বিষয়টি ঠিক করব। কোনও সমস্যা হবে না।’
এটা ঘটনা, মঙ্গলবার মোহনবাগানকে শাস্তি দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কেরল ব্লাস্টার্স ম্যাচে দর্শকদের দুর্ব্যবহারের জন্য জরিমানা করার পাশাপাশি জানানো হয়েছিল, শুক্রবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল বাগান। সেই আবেদন মেনে কিছুটা নরম হয়েছে এআইএফএফ। জানানো হয়েছে, গ্যালারির কিছু অংশ দর্শকশূন্য থাকবে। পুরোটা নয়। অর্থাৎ, কিছু সংখ্যক দর্শক খেলা দেখতে যেতে পারবেন। তবে সেই সংখ্যাটা কত তা জানা যায়নি।
এদিকে, গতবারের আইএসএল লিগ–শিল্ড ও কাপজয়ী দল এবারও শুরু করেছে চ্যাম্পিয়নের মতো। প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে তারা। শুক্রবারও জয়ের ধারা বজায় রাখতে চায় সবুজ–মেরুন।
