আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল কেকেআরের কাছে হারের পরে নিজের হতাশা লুকাননি। ফিল্ডিংয়ের সময় গুজরাট টাইটান্স চারটি ক্যাচ ফেলেছিল, যার মূল্য তাদের চুকাতে হয়েছে। নাইট ওপেনার ফিন অ্য়ালেন দু’বার জীবন পান এবং পরে মাত্র ৩৫ বলে ৯৩ রান করেন। 

অন্যদিকে অঙ্গকৃষ রঘুবংশী একবার জীবন ফিরে পেয়ে ৪৪ বলে ৮২ রান করে গুজরাট টাইটান্সকে চাপে ফেলে দেন। ম্যাচ শেষে গিল বলেন, ফিল্ডিংয়ের ভুলের কারণে গুজরাট এই ম্যাচ জেতার যোগ্য ছিল না। 

ম্যাচ শেষে গিল বলেন,''খুব বেশি চিন্তার কিছু নেই, কিন্তু আমাদের ফিল্ডিং আরও ভাল হতে পারত। আমরা নিজেদের জন্য একটা নির্দিষ্ট মানদণ্ড ঠিক করেছি, আর তিনটি সহজ ক্যাচ ফেলায় আমরা এই ম্যাচ জেতার যোগ্য ছিলাম না।''

গুজরাট  আরও বলেন, ''উইকেট দেখে মনে হয়েছিল ২০০-২১০ রানই হবে স্কোর। কিন্তু আমরা অনেক ক্যাচ ফেলেছি। পিচ ভাল ছিল, কিছু বল থেমে আসছিল, তবে আমি মনে করি আমরা ভালো ব্যাটিং করেছি এবং যে স্কোর করেছি তা যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল।''

এই জয়ের ফলে কেকেআর এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসের ঠিক পিছনে রয়েছে। বোলার-বান্ধব পিচে ধারাবাহিক সাফল্য পাওয়া গুজরাট টাইটান্স ইডেন গার্ডেন্সের ব্যাটিং-সহায়ক উইকেট এবং হতশ্রী ল্ডিংয়ের কাছে হার মানে। বিশেষ করে অ্যালেনের বিস্ফোরক ৯৩ রান ম্যাচের বড় পার্থক্য গড়ে দেয়।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে তাঁর ব্যাটারদের প্রশংসা করেন, যারা দলকে ২৪৭/২ রানের বিশাল স্কোরে পৌঁছে দেয়।

রাহানে বলেন, ''দারুণ ম্যাচ হয়েছে, দুই পয়েন্ট পেয়ে খুব খুশি। অ্যালেন, অঙ্গকৃষ এবং গ্রিনের ইনিংস অসাধারণ ছিল। পুরো কৃতিত্ব ব্যাটারদের। আমরা এক ম্যাচ করে এগোনোর কথাই বলেছি। তাদের মানসিকতা এবং আক্রমণাত্মক মনোভাব অসাধারণ ছিল। ভুলে গেলে চলবে না, ওদের বোলিং আক্রমণও খুব শক্তিশালী। তাই ব্যাটারদের এভাবে নেমে আধিপত্য করতে দেখা সত্যিই দারুণ।''

রাহানে সৌরভ দুবে এবং সুনীল নারিনের প্রশংসা করেন।

তিনি বলেন, ''সবটাই ওদের উপর বিশ্বাস রাখার ব্যাপার। এই ছেলেরা সবাই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। সৌরভ দুবে বিদর্ভ লিগে দারুণ পারফর্ম করেছে। এখানে আসার পর কোচরাও বুঝেছিল যে ওর মধ্যে প্রতিভা আছে। দলে সুনীল নারিন থাকলে অধিনায়কত্ব অনেক সহজ হয়ে যায়। বরুণ চক্রবর্তীর পায়ে ব্যথা ছিল, তবুও যেভাবে খেলেছে, তার জন্যও ওকে কৃতিত্ব দিতেই হবে।''