আজকাল ওয়েবডেস্ক: এল ক্লাসিকোয় রেকর্ড লামিনে ইয়ামালের। আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ট্রোল করেও চর্চায় তিনি। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার এল ক্লাসিকো জয়। সেই ম্যাচে ইয়ামাল ৭৭ মিনিটে গোল করেন।
এই গোল করে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল। এল ক্লাসিকোয় নামার সময়ে তাঁর বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন আলফানসো নাভারো। ১৭ বছর ৩৫৬ দিনে নাভারো গোল করেছিলেন এল ক্লাসিকোয়। ইয়ামাল সেই রেকর্ড ভাঙলেন।
গোল করার পরে রোনাল্ডোর ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে। গোল করার পরে রোনাল্ডো যেমন শান্ত থাকার বার্তা দিতেন। সবাইকে আশ্বস্ত করতেন, ''আমি আছি।'' ঠিক সেই ভঙ্গিতেই গোল করে বার্নাব্যুর দর্শকদের শান্ত থাকার বার্তা দিলেন ইয়ামাল।
বার্নাব্যুর দর্শকদের কাছে এই 'কালমা' উদযাপন খুব পরিচিত। ইয়ামাল সেই জায়গায় আঘাত হেনেছেন।
এদিকে গোলের পরে বার্সেলোনার ফুটবলারদের উদযাপন দেখে বিরক্ত কার্লো অ্যানচেলোত্তি। রাফিনিয়ার চতুর্থ গোলটির পরে বার্সেলোনার ডাগ আউটে থাকা সহকারী, প্লেয়াররা উদযাপন শুরু করে দেন। অ্যানচেলোত্তি অত্যন্ত বিরক্ত হন। বার্সার কোচ হান্সি ফ্লিকের দিকে তাকিয়ে অ্যানচেলোত্তিকে কিছু বলতেও দেখা যায়।
