আজকাল ওয়েবডেস্ক:‌ সুস্থ আছেন তো জসপ্রীত বুমরা। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্সে গিয়েছিলেন টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার।


মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই সেন্টার ফর এক্সেলেন্সে গিয়েছিলেন বুমরা। স্ট্রেংথ ও কন্ডিশনিং বিষয়টি দেখার জন্যই মূলত বুমরার সেখানে যাওয়া। কারণ আইপিএলের পরেই ভারতের টেস্ট রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। সাদা বলের সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে।


এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপে খেলেছেন বুমরা। যদিও সেখানে চার ওভার করে বল করতে হয়েছে। অতটা ওয়ার্কলোড পড়েনি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ওয়ার্কলোড পড়বে সন্দেহ নেই। গ্রুপে রয়েছে ১৪ ম্যাচ। তারপর প্লে–অফ ও ফাইনাল হলে অন্তত ১৬ থেকে ১৭ ম্যাচ রয়েছে। বুমরা যদি অন্তত ১০ ম্যাচও খেলেন তাহলে চাপ তো পড়বেই।


শোনা যাচ্ছে, আইপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন বুমরা। ২৯ মার্চ মুম্বইয়ের খেলা কলকাতার বিরুদ্ধে ওয়াংখেড়েতে। 
এটা ঘটনা, বুমরা টিম ইন্ডিয়ার প্রিমিয়ার বোলার। টি–২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ফাইনালে মাত্র ১৫ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছিলেন। যুগ্মভাবে বিশ্বকাপের সেরা উইকেটশিকারী হয়েছিলেন সতীর্থ বরুণ চক্রবর্তীর সঙ্গে।