আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে আগেই। এবার সম্মানের লড়াই। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে ফের চর্চায় হার্দিক পাণ্ডিয়া। ধর্মশালায় কি খেলবেন? পিঠের চোটের জন্য লখনউ সুপার জায়ান্টস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি মুম্বইয়ের অধিনায়ক। পাঞ্জাব ম্যাচেও অনিশ্চিত তিনি। দলের সঙ্গে ধর্মশালায় যাননি হার্দিক। শুশ্রূষার জন্য মুম্বইয়ে থেকে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেন মুম্বইয়ের অধিনায়ক। রিলায়েন্স কর্পোরেট পার্কে একাই তিন ঘণ্টার ট্রেনিং সেশনে অংশ নেন। এখনও সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টায়।
হার্দিকের অনুপস্থিতিতে অস্থায়ী অধিনায়কের ভূমিকা পালন করেন সূর্যকুমার যাদব। কিন্তু পাঞ্জাব ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সদ্য বাবা হয়েছেন স্কাই। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী দেবিষা শেঠি। পরিবারের সঙ্গে মুম্বইয়ে থেকে যান সূর্য। বেঙ্গালুরু ম্যাচের আগে দলের সঙ্গে রায়পুরে যাননি সূর্য। তবে ম্যাচের দিন সকালে দলের সঙ্গে যোগ দেন। ধর্মশালায়ও তেমনই হতে পারে। বর্তমানে চতুর্থ স্থানে পাঞ্জাব কিংস। ন'নম্বরে মুম্বই। ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন জিতলেই ১৫ পয়েন্টে চলে যাবে পাঞ্জাব। শ্রেয়সরা জিতলে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের চাপ বাড়বে। নিজেরা না পারলেও, এদিন অঘটন ঘটিয়ে পাঞ্জাবের যাত্রাভঙ্গ করতে পারে মুম্বই।















