আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার চিপকে কালো আর্মব্যান্ডে খেলতে দেখা যায় কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের প্লেয়ারদের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সিডি গোপীনাথের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়। ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য ছিলেন। ১৯৫১ থেকে ১৯৬০ সালের মধ্যে আটটি টেস্ট খেলেন গোপীনাথ। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে নজর কাড়েন। অপরাজিত ৫০ এবং ৪২ রান করেন। ভারতীয় ক্রিকেট যখন সবে বিশ্বমঞ্চে পা রাখছে, সেই দলের সদস্য ছিলেন প্রয়াত ক্রিকেটার। ১৯৫২ সালে মাদ্রাসে (বর্তমানে চেন্নাই) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতে ভারত। সেই দলে ছিলেন গোপীনাথ। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মাইলস্টোন মুহূর্ত।
ঘরোয়া ক্রিকেটে মাদ্রাস ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দলকে নেতৃত্ব দেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচ খেলেন। ৪২৫৯ রান করেন। ১৯৫৪-৫৫ সালে মাদ্রাসের প্রথম রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফাইনালে শতরান করেন। অবসরের পর জাতীয় নির্বাচকের ভূমিকা পালন করেন। চেয়ারম্যানও ছিলেন। পরবর্তীতে ভারতীয় দলের ম্যানেজার হন। ১৯৭৯ ইংল্যান্ড সফরে তিনি ভারতের ম্যানেজার ছিলেন। ক্রিকেট বোধের জন্য প্রখ্যাত ছিলেন। প্রায় দুই দশক ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন কালো আর্মব্যান্ড পরে নামে দুই দলের ক্রিকেটাররা।
এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চেন্নাই সুপার কিংস। জোড়া উইকেট নেন কার্তিক ত্যাগী। ভাল বল করেন সুনীল নারিন এবং অনুকূল রায়। পাওয়ার প্লেতে শুরুটা ভাল করলেও আয়ুশ মাত্রে ফিরে যাওয়ার পর দারুণ প্রত্যাবর্তন করে কেকেআর। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইটরা। পাওয়ার প্লের মধ্যে জোড়া উইকেট হারায়। চলতি আইপিএলে পাওয়া প্লেতে সর্বনিম্ন রান। শুরুতেই ফিন অ্যালেন এবং সুনীল নারিনের উইকেট হারিয়ে চ্যালেঞ্জের মুখে নাইটরা।















