আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে চমক দিচ্ছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সে আবার নিজের ছন্দ ফিরে পেয়েছেন। ৯ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। ভুবিকে এই ছন্দে দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ। বোর্ডের নির্বাচক কমিটিতে পরামর্শ না দিয়ে থাকতে পারলেন না ভারতের প্রাক্তনী। ভারতের টি-২০ দলে ফের ভুবনেশ্বরকে সুযোগ দেওয়ার দাবি জানান। বীরু মনে করেন, বয়স কোনও বাধা নয়। আবার বুমরার সঙ্গে ভুবনেশ্বরের জুটি দেখতে চান। শেহবাগ বলেন, 'আমার কখনও মনে হয়, বয়স সংখ্যা মাত্র। ৩৫-৩৬ বছর তো কী হয়েছে? ও যদি এখনও এরকম পারফর্ম করতে পারে, তাহলে ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তনের আশা রাখা উচিত। অন্তত নির্বাচকদের ভাবা উচিত।' একসময় বুমরা এবং ভুবনেশ্বর কম্বিনেশন ছিল। আবার সেটা করা যেতে পারে। ও নতুন বলে এবং ডেথ ওভারে ভাল বল করছে। আমরা আবার পুরোনো ভুবনেশ্বরকে দেখতে পাচ্ছি। ওর বোলিংয়ে তীক্ষ্ণতা স্পষ্ট।' 

আরসিবির শেষ চার ম্যাচে ৩ উইকেট নেন ভুবি। বেগুনি টুপির দৌড়ে ঢুকে পড়েছেন। আগের বছর ১৭ উইকেট নেন। কিন্তু এবার মাত্র ৯ ম্যাচেই ১৭ উইকেট সংগ্রহ করে ফেলেছেন ভারতীয় পেসার। প্রথম ভারতীয় পেসার হিসেবে টি-২০ তে ৩৫০ উইকেট সংগ্রহ করেন। সার্বিকভাবে ভারতীয়দের মধ্যে দ্বিতীয়। মোট ৩২৫ টি-২০ ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। উইকেট সংখ্যা ৩৫২। গড় ২৪.৫১। সেরা বোলিং ৪ রানে ৫ উইকেট। ভারতীয়দের মধ্যে একমাত্র যুজবেন্দ্র চাহালের বেশি টি-২০ উইকেট আছে। ৩৩৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৩৯১।