আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে রান করার পাশাপাশি দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে টি-২০ দলে সুযোগ দেওয়ার কথা উঠতে শুরু করেছে। এই তালিকায় রয়েছেন দেবদত্ত পাড়িক্কল এবং রজত পতিদারও। অনেকেই তাঁদেরও জাতীয় দলে চাইছেন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর দীনেশ কার্তিক মনে করেন, অবিলম্বে সুযোগ দেওয়া উচিত পাড়িক্কলকে। কিন্তু তেমন মনে করছেন না বীরেন্দ্র শেহবাগ। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, বর্তমান টি-২০ দল খুবই শক্তিশালী। সেখানে শ্রেয়স আইয়ার, যশস্বী জয়েসওয়াল, দেবদত্ত পাড়িক্কল এবং রজত পতিদারদের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

শেহবাগ বলেন, 'দীনেশ কার্তিক বলছে, পাড়িক্কলের জাতীয় দলে খেলা উচিত। তবে প্রত্যেক মরশুমে প্লেয়ার ওঠে, মনে হয় এদের জাতীয় দলে খেলা উচিত। কিন্তু ভারতীয় দলে জায়গা কোথায়? শ্রেয়স আইয়ার, যশস্বী জয়েসওয়াল, দেবদত্ত পাড়িক্কল এবং রজত পতিদারদের জন্য কোনও জায়গা নেই। এমনকি বৈভব সূর্যবংশীরও কোনও জায়গা নেই। আইপিএলে পাঁচজন প্লেয়ার নিয়মিত রান করছে। কিন্তু এদের জন্য কাদের বাদ দেওয়া হবে? জায়গা কোথায়?' সর্বকালের শক্তিশালী টি-২০ দলগুলোর মধ্যে একনম্বরে ভারত। পরপর দু'বার সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপ জেতে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এখনও পর্যন্ত একটিও টি-২০ সিরিজ হারেনি ভারত। তাই দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন পাড়িক্কল। ৬ ইনিংসে ২০৮ রান করেন। তারমধ্যে রয়েছে তিনটে অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৮৪। ভারতের হয়ে আগেই অভিষেক হয়েছে পাড়িক্কলের। দুটো টেস্ট এবং টি-২০ খেলেন। তবে প্রায় পাঁচ বছর আগে জাতীয় দলের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলেন। তারপর আর সুযোগ মেলেনি।