আজকাল ওয়েবডেস্ক: শুধু বাইশ গজে নয়, মানুষ হিসেবেও বিরাট কোহলি বড় মনের। আরও একবার তার উদাহরণ পেল বিশ্ব ক্রিকেট। মঙ্গলবার ছোটবেলার কোচ রাজকুমার শর্মার ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করলেন কোহলি। দিল্লির ডিপিএস আরকেপুরমে ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির একটি শাখার উদ্বোধন করেন তারকা ক্রিকেটার। তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও উপস্থিত ছিলেন। ক্রিকেট অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন কোহলি। লক্ষ্যে ফোকাস থাকার উপদেশ দেন। কোহলি বলেন, 'আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি স্কুলে কথা বলতে খুব একটা অভ্যস্ত নয়। তাই আমার জন্য কিছুটা কঠিন হবে। কারণ ক্রিকেটের জন্য আমি দীর্ঘ বছর আগে স্কুলের গণ্ডি পার করে ফেলেছি। আমি আজ সেই বিষয়েই কথা বলব। আমি স্কুলের পরিবেশ বুঝি। তোমরা এখন যেখানে আছো, আমিও একসময় এর মধ্যে দিয়েই গিয়েছি। আমি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি। জীবনের শুরুতেই আমি নিজের লক্ষ্য সেট করে ফেলেছিলাম।'
কোহলি জানান, স্কুল শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে। তাই শিক্ষকদের সর্বদা শ্রদ্ধা করার নির্দেশ দেন। পাশাপাশি নিজের স্কুলের অভিজ্ঞতাও ভাগ করে নেন। কোহলি বলেন, 'স্কুলে আমরা শিক্ষা নিতে, উন্নতি করতে আসি। আমরা আরও উন্নত হই। পরিবেশকে সম্মান করতে হবে। শিক্ষক, শিক্ষিকাদের শ্রদ্ধা করতে হবে। আমি জীবনের শুরুতেই খেলাকে বেছে নিয়েছি। আমি ক্রিকেট নিয়ে এগোনোর বিষয়ে নিশ্চিত ছিলাম। আমাকে নিজের, পরিবারের, এবং শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়টা বোঝাতে হয়েছে। নিজের স্বপ্ন নিয়ে স্বচ্ছ থাকা উচিত। সেটা পূরণ করতে দায়বদ্ধতা দরকার। তুমি ১০০ শতাংশ সততার সঙ্গে করছো কিনা, সেটা একমাত্র তুমিই জানবে। আমি আট বছর বয়সে প্র্যাকটিস শুরু করি। সময় পেলেই এখনও অ্যাকাডেমিতে যাই। এটা আমার ছোটবেলার বড় অঙ্গ। আশা করি যেসব বাচ্চারা এখানে শিখতে এসেছে, তাঁরা এটা বুঝবে। আশা করব অ্যাকাডেমি থেকে ওরা কিছু শিখবে। সবার জন্য শুভকামনা রইল।' আইপিএলে দারুণ ছন্দে আছেন কোহলি। করছেন একের পর এক রেকর্ড। সোমবার দিল্লিকে নাস্তাবুদ করে বেঙ্গালুরু। বৃহস্পতিবার পরের ম্যাচে গুজরাটের মুখোমুখি কোহলিরা।















