আজকাল ওয়েবডেস্ক: শনিবার শুরু বিরাট কোহলিদের অভিযান। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে নিজের এক ঝলক দেখালেন বিরাট কোহলি। প্রতিপক্ষকে দিলেন আগাম সতর্কবার্তা। আইপিএল শুরুর আগে নিজেদের মধ্যে একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলে বেঙ্গালুরু। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন কোহলি। বুঝিয়ে দেন এবার প্রথম থেকেই ঝোড়ো ইনিংস খেলতে তৈরি তিনি। বিরাটের এইধরনের ব্যাটিংয়ের প্রশংসা করেন আরসিবির মেন্টর এবং ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।
বুধবার দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচের পর নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আরসিবি। সেখানে ওয়ার্ম আপ ম্যাচে কোহলির পারফরম্যান্সের প্রশংসা করেন বেঙ্গালুরুর মেন্টর। কার্তিক বলেন, 'ভাল ম্যাচ হয়েছে। বিরাট আবার নিজের ক্লাসের পরিচয় দিয়েছে। কয়েকটা দারুণ শট খেলেছে। ওর সেরা দিক হল, প্রত্যেক বছর কিছু নতুন পরিকল্পনা নিয়ে শুরু করে। নতুন লক্ষ্য সেট করে ফেলে। এবার কী করতে চায় সেটা শুরুতেই বোঝা যাচ্ছে। আমার মনে হয়, এবছর ও আরও ভাল করার চেষ্টা করবে। এটাই ওর সম্বন্ধে অনেক কিছু বলে দিচ্ছে। সবসময় নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। মিটিংয়ে ইতিবাচক বার্তা দেয়। এনার্জিতে ভরপুর। এগুলো বড় বিষয়। এটাই ওর চরিত্রের একটা বড় অংশ।'
নতুন মরশুমের শুরুতেই কোহলির মনোভাব স্পষ্ট। তাঁর অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের বিচারে, খেতাব ধরে রাখার লড়াইয়ে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিরাট। এর আগে সোমবার প্রথম ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলে বেঙ্গালুরু। সেই ম্যাচে ৩৭ বলে ৮১ রান করেন জীতেশ শর্মা। ২৫ বলে ৭৫ রান করেন রজত পতিদার। ১২ বলে ২৯ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে আরও জ্বলে ওঠেন। একদিন আগেই বেঙ্গালুরুর প্র্যাকটিসে অন্য ভূমিকায় দেখা যায় কোহলিকে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আরসিবি। প্র্যাকটিস সেশনে ফিল সল্টের সঙ্গে ট্রেনিং করতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। থ্রো ডাউন স্পেশালিস্টের ভূমিকায় ছিলেন বিরাট।
সম্প্রতি ফর্মের ধারেকাছে নেই ইংল্যান্ডের ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপে ডাহা ব্যর্থ। রান পাননি। সতীর্থকে ফর্মে ফেরানোর চেষ্টায় কোহলি। বদলে ফেলেন নিজের ভূমিকা। লাগাতার বল করতে দেখা যায় কোহলিকে। আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন কোহলি। সচরাচর আইপিএল শুরুর খুব বেশিদিন আগে প্রস্তুতি শিবিরে যোগ দেন না প্রাক্তন অধিনায়ক। কিন্তু এবার ব্যতিক্রম। লিগ শুরু হওয়ার ন'দিন আগেই বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেন কোহলি।















