আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির বিরুদ্ধে কার্যত একা হাতে বোলারদের তছনছ করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তবে ম্যাচের শেষে নজর কেড়ে নিলেন তারকা ব্যাটার বিরাট কোহলিও।
কনিষ্ঠ বৈভবের প্রতি বিরাটের আচরণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারের প্রতি কোহলির এই উদ্যোগ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছেন মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী। শুক্রবারের ম্যাচেও তিনি মাত্র ২৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।
তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জোরেই ২০৩ রানের কঠিন লক্ষ্য সহজেই তাড়া করে ছ’উইকেটের জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। এই ইনিংসের সুবাদে তিনি এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দখলও নেন, মাত্র চার ম্যাচে ২০০ রান করে।
ম্যাচ শেষে বিরাট কোহলির কাছ থেকে বিশেষ উপহারও পান সূর্যবংশী। প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর রাজস্থান রয়্যালসের ক্যাপে অটোগ্রাফ দেন এবং একটি ছোট বার্তাও লেখেন, ‘Dear Vaibhav, well done.’
এই ম্যাচে রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধ্রুব জুড়েলও। তিনি ৮১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, ম্যাচের শেষে পোস্ট প্রেজেন্টেশনে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ তরুণ সূর্যবংশীকে প্রশংসায় ভরিয়ে দেন।
তিনি জানান, দলের সবাই তাঁকে খুব ভালোবাসে। এমনকী, বৈভবের সঙ্গও বাকিরা উপভোগ করে। পরাগ মজা করে বলেন, ‘ও খেতে ভালোবাসে, বাইরে ঘুরতে ভালোবাসে। আমরা চেষ্টা করি ওর সব ইচ্ছা পূরণ করতে। ও এখনও ছোট, ১৫ বা ১৬ বছরের ছেলে। তাই ওর মতো করেই জীবনটা উপভোগ করছে। তবে ও ব্যাটিংটা ভীষণ ভালোবাসে, আর যদি এভাবেই খেলতে থাকে, তাহলে ও যা চাইবে, সবই পাবে।’















