আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বিরাট কোহলির এক খুদে ভক্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটুর জন্য স্বপ্নের তারকার সঙ্গে দেখা হয়নি। যে ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে গিয়েছে, সেখানে একটি ছোট ছেলেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোটেলের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। হাতে ক্রিকেট ব্যাট। তাতে কোহলির সই নেওয়ার পরিকল্পনা ছিল। নিরাপত্তার বেষ্টনীতে কোহলি তাঁর সামনে দিয়ে যাওয়ার সময় দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন ছেলেটি। বিরাটকে ছোঁয়ার চেষ্টা করেন, চাইছিলেন সই। কিন্তু নিরাপত্তারক্ষীরা রুখে দেয়। স্বপ্নের তারকাকে এত কাছে পেয়েও অটোগ্রাফ নিতে না পারার হতাশা চাপতে পারেনি। হতাশায় ব্যাট মাটিতে আঁচড়ে মারেন এবং কান্নায় ভেঙে পড়েন। ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে মা-বাবার কাছে ছুটে যান। 

মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে শিশুটির নিষ্পাপ আবেগ ফুটে ওঠে। আইপিএল চলাকালীন অনেক ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু এটা নিয়ে চর্চা শুরু হয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফুটেজ ছড়িয়ে যায়। প্রায়ই ভক্তদের সঙ্গে সেলফি তুলতে, অটোগ্রাফ দিতে দেখা যায় কোহলিকে। কিন্তু হাই-প্রোফাইল টুর্নামেন্টের মধ্যে অনেক সময় সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় সম্ভব হয় না তারকাদের। এই ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন বিরাট আরও একটি মাইলস্টোন স্পর্শ করেন।

আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ৯০০০ রানের গণ্ডি পার করেন কোহলি। আইপিএলের সেরা পারফর্মারদের মধ্যে নিজেকে আরও একবার প্রতিষ্ঠিত করেন। ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলছেন। তারই মাঝে এমন একটি ভিডিও প্রকাশ্যে এল। যা আরও একবার প্রমাণিত করল, কোহলিকে নিয়ে ভক্তদের আবেগ অন্য মাত্রায়। প্রত্যাশা পূরণ না হলে, ফ্যানদের মনে কেমন প্রভাব পড়তে পারে সেটা এই ভিডিও থেকেই স্পষ্ট।