আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যাবতীয় ফোকাস থাকবে বিরাট কোহলির দিকে। আরও একটি মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। কোহলির রান ৮৯০৮। ৯০০০ রানে পৌঁছতে আরও প্রয়োজন ৯২ রান। এই নজির কেউ গড়তে পারেনি। এখনও পর্যন্ত ২৭৩ ম্যাচ খেলেছেন। তারমধ্যে রয়েছে আটটি শতরান এবং ৬৫টি অর্ধশতরান। ২০০৮, আইপিএলের শুরু থেকেই আরসিবিতে আছেন বিরাট। এখনও পর্যন্ত কোটিপতি লিগের নিলামে ওঠেননি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের পাশাপাশি সবচেয়ে বেশি শতরানও কোহলির।
গুজরাটের বিরুদ্ধে সাফল্যের হার ভাল। গড় ৮৭.৭৫। একটি শতরানও রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন বিরাট। এবার সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে আইপিএল শুরু করেছে কোহলি। তাই তাগিদও বেশি। অন্যান্যবারের তুলনায় এবার তাড়াতাড়ি দলের সঙ্গে প্রাক মরশুম শিবিরে যোগ দেন। ব্যাট হাতেও অনবদ্য। শুরু থেকেই মনোভাব স্পষ্ট করে দিচ্ছেন। শুক্রবার গুজরাটের বিরুদ্ধেও সেই চেষ্টায় থাকবেন কিং কোহলি।
আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারে বেঙ্গালুরু। ঘরের মাঠে কোহলিদের প্রথম হার। শুক্রবার চিন্নস্বামীতে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু। পরের দুটো হোম ম্যাচ রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই কারণেই সমর্থকদের জয় উপহার দিতে চায় গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে মুম্বইয়ের কাছে হারের পর বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট। টানা তিন জয়ের পর প্রথম হোঁচট খান শুভমন গিলরা। বেঙ্গালুরুতে খেলা চ্যালেঞ্জিং হলেও, প্রত্যাবর্তনের লক্ষ্যে গুজরাট। আরসিবির বিরুদ্ধে মিশ্র রেজাল্ট পেয়েছেন জস বাটলার। শেষ পাঁচ ইনিংসে রয়েছে দুটো শতরান এবং দুটো শূন্য। এবার রান পেতে মরিয়া থাকবেন বাটলার। একইসঙ্গে জয়ের ফেরার প্রচেষ্টায় থাকবেন গিলরা।















