আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক মিনিটের মধ্যেই শুরু আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনালের স্পটের জন্য মুল্লানপুরে লড়াই গুজরাট টাইট্যানস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। সবার নজর থাকবে বৈভব সূর্যবংশীর দিকে। মোমেন্টাম রাজস্থান রয়্যালসের দিকে। এলিমিনেটর নিয়ে পরপর চারটে ম্যাচ জিতেছে রাজস্থান। কমলা টুপির মালিক বৈভব সূর্যবংশী। ১৫ ম্যাচে ৬৮০ রান বিস্ময় বালকের। আইপিএলের একটি সংস্করণে ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভাঙেন বৈভব। এবার নতুন নজিরের লক্ষ্যে। এখনও পর্যন্ত আইপিএলে ৯৩২ রান সূর্যবংশীর। আরও ৬৮ রান করলে, টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করবেন। এখনও পর্যন্ত আইপিএলে ৪০২ বল খেলেছেন। বর্তমানে এই রেকর্ড আন্দ্রে রাসেলের দখলে। ৫৪৫ বলে এই রেকর্ড করেছিলেন ক্যারিবিয়ান তারকা। শুক্রবার সেটা ভাঙার হাতছানি সূর্যবংশীর সামনে।

আগের ম্যাচে গুজরাটের বোলিংয়ের বিরুদ্ধে রান পাননি তরুণ তুর্কি। ছক্কা হাঁকানোর পর মহম্মদ সিরাজের শর্ট বলে আউট হন। গুজরাটের হয়ে পাওয়ার প্লেতে দারুণ ছন্দে আছেন সিরাজ এবং রাবাডা। কিন্তু এলিমিনেটরে ২৯ বলে ৯৭ রান করে আশা বাড়িয়ে দিয়েছেন বৈভব। এদিন ম্যাচের ভাগ্য নির্ভর করছে সূর্যবংশীর ওপর। তাঁর ছায়ায় পুরোপুরি ঢেকে গিয়েছেন যশস্বী জয়েসওয়াল। তিন নম্বরে ছন্দে আছেন ধ্রুব জুরেল। এদিন শুরুতেই বৈভবকে প্যাভিলিয়নে ফেরাতে চাইবে গুজরাট। গিলদের বিরুদ্ধে নামার আগে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন সূর্যবংশী। তিনি বলেন, 'আমরা ইতিবাচক মনোভাব নিয়ে নামব। গোটা টুর্নামেন্টে যা করেছি, সেটাই করার চেষ্টা করব। আমরা খেলাটা উপভোগ করব। আমরা যা করে থাকি। বড় ম্যাচের চাপ নেব না। আমরা দল হিসেবে ফাইনালে যেতে চাই, এবং ট্রফি তুলে ধরতে চাই।' টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিয়ান পরাগ। সূর্যবংশীর ব্যাটে ভর করে ফাইনালের টিকিট সংগ্রহ করতে চাইছে রাজস্থান।