আজকাল ওয়েবডেস্ক: হাসারাঙ্গা সুস্থ হয়েছেন? যা খবর ওয়ানিন্দু হাসারাঙ্গার এবার লখনউয়ের হয়ে খেলা বেশ অনিশ্চিত। তবে কেকেআর শিবিরে যোগ দিতে পারেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাসারাঙ্গাকে এখনও আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। তবে ছাড়পত্র পেতে পারেন পাথিরানা।
এটা ঘটনা, হাসারাঙ্গাকে ২ কোটি টাকায় দলে নিয়েছিল লখনউ। শ্রীলঙ্কার লেগ স্পিনারকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দল এখনও অন্ধকারে। এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। তবে আশা তৈরি হয়েছে জোরে বোলার পাথিরানাকে নিয়ে। কিছু দিনের মধ্যে তিনি ফিটনেস পরীক্ষা দিতে পারেন।
আইপিএল খেলার ছাড়পত্র দেওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস যাচাই করে নিচ্ছে শ্রীলঙ্কা। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন মান নির্দিষ্ট করা হয়েছে। যাঁরা ফিটনেসের নতুন মান অর্জন করতে পারছেন, শুধু তাঁদেরই আইপিএল খেলার অনুমতি দিচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।
এটা ঘটনা, চোটের জন্য প্রায় দু’মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে হাসারাঙ্গা। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। টি–২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ছিল আয়ারল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচ খেলতে নেমেই চোট পান লেগ স্পিনার। ২৮ বছরের ক্রিকেটার এখনও ফিটনেস পরীক্ষা দেননি। শেষ খবর অনুযায়ী, নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন হাসারাঙ্গা। তবে এখনও বোলিং শুরু করেননি। প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ক্রিকেটের শিবিরে রয়েছেন তিনি।
শিবিরে রয়েছেন পাথিরানাও। গত সপ্তাহ থেকে নেটে বোলিং শুরু করেছেন জোরে বোলার। তবে এখনও তাঁর ফিটনেসের সমস্যা রয়েছে। মনে করা হচ্ছে, সপ্তাহ খানেক পর পরীক্ষা দেবেন পাথিরানা। পরীক্ষায় পাস করলে তবেই তিনি কেকেআরের হয়ে আইপিএল খেলার অনুমতি পাবেন। তিনিও চোট পেয়েছিলেন টি–২০ বিশ্বকাপে।
















