আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি। অভিজ্ঞ পেসারকে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিলেন নির্বাচকদের। কলকাতায় একটি অনুষ্ঠানে জানিয়ে দিলেন, যশপ্রীত বুমরার সঙ্গে বোলিং ওপেন করা উচিত মহম্মদ সামির। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তারকা পেসারের স্পেলে অভিভূত প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড সভাপতি। তাঁকে দলে ফেরানোর দাবি জানান। সামি বলেন, 'ওর যশপ্রীত বুমরার সঙ্গে বল করা উচিত। অন্য কোনও জায়গায় নয়। ও এতটাই ভাল। আগের রাতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওর স্পেল দেখেছি। সেরা টি-২০ প্লেয়ারদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার সেরা দুটো উইকেট তুলে নেয়। অনবদ্য পারফরম্যান্স।'

ঘরোয়া মরশুমে সামির পারফরম্যান্সের প্রশংসা করেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ৮ উইকেট তুলে নেন তারকা পেসার। সৌরভ বলেন, 'বাংলার হয়ে রঞ্জিতে ভাল খেলেছে সামি। বাংলা হারলেও সেমিফাইনাল এখনও মনে আছে। আট উইকেট নেয়। দলকে এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ওর। ও এখনও রঞ্জি খেলতে চায় জেনে আমি খুশি। একজন জোরে বোলারের জন্য সবসময় কঠিন বেশিদিন টিকে থাকা। তবে ওকে নতুন বলে রান আপ নিতে দেখতে ভাল লাগে।' ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও অজিত আগরকরের নির্বাচক কমিটির কাছে সামি ব্রাত্য। প্রাক্তন অধিনায়কের বিশ্বাস, সর্বোচ্চ পর্যায় এখনও অনেক কিছু দেওয়ার আছে তারকা পেসারের। সৌরভ বলেন, 'ওকে দেখে এখনও ফিট মনে হচ্ছে। একটানা বল করতে করতে বোলার সেরা ছন্দে পৌঁছে যায়। আমার এখনও মনে হয়, ওর ভারতের হয়ে খেলা উচিত। আশা করছি ওর আবার সময় আসবে, কারণ ও ততটাই ভাল।' 

আগের দিন একই অনুষ্ঠানে রিঙ্কু সিংকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভ মনে করেন, কেকেআরের ফিনিশারকে আরও ওপরের দিকে নামানো উচিত। চলতি আইপিএলে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোট করার পরামর্শ দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বেঙ্গল প্রো লিগের তৃতীয় সংস্করণ-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এমনই জানান সিএবি সভাপতি। সৌরভ বলেন, 'রাহানে নাইট রাইডার্সের অধিনায়ক। আমার মনে হয় রিঙ্কু খুবই নীচে ব্যাট করে। ও তার থেকে অনেক ভাল প্লেয়ার। আশা করব ওকে ওপরের দিকে ব্যাট করার সুযোগ করে দেবে কেকেআর।'