আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে দারুণ ছন্দে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আট ম্যাচে ছয় জয়। প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করার দৌড়ে এগিয়ে বিরাট কোহলিরা। বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আরসিবি। সব বিভাগেই দারুণ খেলছে। গতবছর রজত পতিদার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাগ্য ঘুরে গিয়েছে বেঙ্গালুরুর। যা আগে কোনও অধিনায়ক পারেনি, সেটা করে দেখিয়েছেন তিনি। বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসি, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারেনি। তাই সবাইকে অবাক করে সেরা অধিনায়ক হিসেবে পতিদারকে বেছে নিলেন শন পোলক। অধিনায়ক হিসেবে অভিষেক বছরই বাজিমাত করার জন্য তরুণ ক্রিকেটারকে এই জায়গার রাখলেন প্রোটিয়া গ্রেট।
পোলক বলেন, 'আমার মতে আরসিবির সেরা অধিনায়ক পতিদার। অধিনায়ক হয়েই প্রথম বছর বেঙ্গালুরুকে ট্রফি জেতায়। এই বছরও খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। খুব বেশি ম্যাচ হারছে না। প্লে অফের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এতবছর ধরে যে ফ্র্যাঞ্চাইজি ট্রফি পায়নি, তাঁদের দায়িত্ব নিয়েই চ্যাম্পিয়ন করা মোটেই সহজ কাজ নয়। এবারও এক, দুইয়ের মধ্যে আছে। তাই এই মুহূর্তে আরসিবির সেরা অধিনায়ক পতিদার।'
কয়েকদিন আগে এই প্রসঙ্গে শ্রেয়স আইয়ারকে প্রশ্ন করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়, কোন অধিনায়কের মস্তিষ্কের দখল নিতে চান তিনি। সবাইকে চমক দিয়ে, পতিদারের নাম উল্লেখ করেন। এমএস ধোনি এবং রোহিত শর্মাকে উপেক্ষা করেন। আরসিবির মেন্টর দীনেশ কার্তিকও রজতের ঠাণ্ডা মাথা এবং অধিনায়কত্বের প্রশংসা করেন। জানান, দলে সবাই তাঁকে সম্মান করে। বোলারদের খুব ভালভাবে পরিচালনা করেন পতিদার। জানান, চাপের মধ্যেও মাথা ঠাণ্ডা রাখেন। সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি, জস হ্যাজলউড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের থেকে উপদেশ নেওয়ার জন্য তৈরি থাকেন। তাঁর শান্তশিষ্ট স্বভাবের প্রভাব খেলায় পড়ে। চাপ হ্যান্ডেল করার ক্ষমতার কথা বারবার উল্লেখ করেন বেঙ্গালুরুর মেন্টর।















