আজকাল ওয়েবডেস্ক: রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুরের ভূয়সী প্রশংসা করেন শচীন তেন্ডুলকর। ৬ উইকেট হাতে নিয়ে ২২১ রান তাড়া করে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয়। মুম্বইয়ের জয়ের ভিত গড়েন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। ওপেনিংয়ে ১৪৮ রান যোগ করে এই জুটি। তার আগে ৩ উইকেট তুলে নিয়ে কেকেআরকে চাপে ফেলে দেন শার্দূল। গত ১৩ আইপিএলে প্রথম ম্যাচ হেরে শুরু করে মুম্বই। এবার ট্রেন্ড বদলাল। দাপুটে শুরুর জন্য নিজের এক্স হ্যান্ডেলে দলকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার।
শচীন বলেন, 'ইনিংসের শুরুটা ভাল হলে বড় রান তাড়া করা যায়। রোহিত এবং রিকেলটন শুরুটা দারুণ করে। ভিত গড়ে দিয়েছে। হাই স্কোরিং ম্যাচে শার্দূল ভাল বল করেছে। ভাল মরশুমের অপেক্ষায়।' চার ওভারে ৩৯ রানে ৩ উইকেট নেন মুম্বইয়ের বোলার। তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন কিংবদন্তি। মুগ্ধ হার্দিকও। মুম্বইয়ের অধিনায়ক জানান, বাকি মরশুমে দলে শার্লূলের জায়গা নিশ্চিত। আইপিএলে ছ'টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন তারকা পেসার। চলতি মরশুমের আগে তাঁকে সই করায় মুম্বই।
শচীন বলেন, 'আমি এবার শার্দূলকে বলেছি, অনেক ফ্র্যাঞ্চাইজিতে ঘুরেছো, কেরিয়ারের বাকি সময়টা তোমাকে মুম্বইয়ে দেখতে চাই। ও একটা চরিত্র। ওর হৃদয় বড়। সবসময় ব্যাটারদের বিপদে ফেলার রাস্তা খোঁজে। ওর জন্য আমি খুশি।' ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মুম্বইয়ের পেসার। জানান চ্যালেঞ্জ নিতে তিনি ভালবাসেন। ম্যাচ শেষে শার্দূল বলেন, 'আমি আগেও বলেছি, চ্যালেঞ্জ পছন্দ করি। এটা চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল। বিশেষ করে ষষ্ঠ ওভারে। কারণ আমরা সবসময় আশায় থাকি বোল্ট এবং বুমরা শুরুতে উইকেট নেবে। কিন্তু এদিন সেটা হয়নি। তাই ছয় নম্বর ওভারে বল করা চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জই আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই মাঠ আমাকে ভাল এবং খারাপ স্মৃতি, দুটোই উপহার দিয়েছে।' শনিবার দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের।














