আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আজ আইপিএলে দুই প্রজন্মের লড়াই। একদিকে বিরাট কোহলি এবং অন্যদিকে বৈভব সূর্যবংশী। আরসিবি এবং রাজস্থান রয়্যালস কেউই আইপিএলে এখনও কোনও ম্যাচ হারেনি।

আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। একান্ত যদি না বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এদিনের ম্যাচেই কারও জয়যাত্রায় ছেদ পড়া নিশ্চিত।

এর আগেও এই ভেন্যুতে রাজস্থানের ম্যাচে বৃষ্টি বড় প্রভাব ফেলেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচটি শেষ পর্যন্ত গ্রাউন্ডস্টাফদের তৎপরতায় ১১ ওভারে খেলানো সম্ভব হয়।

এদিনও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাত ৮টার পর। যদিও আগের ম্যাচের মতো পরিস্থিতি এতটা ভয়াবহ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

গুয়াহাটি বরাবরই অ্যাওয়ে দলগুলির জন্য কঠিন ভেন্যু হিসেবে পরিচিত। গত মরশুমে এই মাঠেই জোফ্রা আর্চারের গতির সামনে সমস্যায় পড়েছিল চেন্নাই সুপার কিংস। চলতি মরসুমেও সেই ধারা বজায় রেখে নিজেদের ‘হোম গ্রাউন্ডে’ দু’টি ম্যাচই জিতেছে রাজস্থান।

তবে শুক্রবারের চ্যালেঞ্জ ভিন্ন। রাজস্থানকে মোকাবিলা করতে হবে আত্মবিশ্বাসে ভরপুর আরসিবিকে। যারা ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে হারিয়েছে।

এটি চলতি মরশুমে আরসিবির প্রথম অ্যাওয়ে ম্যাচ। গত বছর তাদের সাফল্যের বড় অংশ এসেছিল অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্স থেকে। যেখানে বিরাট কোহলির গড় ছিল প্রায় ১০০-এর কাছাকাছি।

রাজস্থানের সবচেয়ে বড় শক্তি তাদের বিস্ফোরক ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল ও ১৫ বছর বয়সী প্রতিভাবান বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে। আর তাঁর সঙ্গে তুলনামূলক অভিজ্ঞ জয়সওয়াল দলকে বড় রান তুলতে অনেকটাই সাহায্য্ করছেন।

অন্যদিকে, আরসিবির টপ অর্ডারে রয়েছে অভিজ্ঞতার ছাপ। বিরাট কোহলি ও ফিল সল্ট এখনও পর্যন্ত একসঙ্গে বড় রান করতে না পারলেও গতির উইকেটে দুই তারকা যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটির আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নতুন বলে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস, যা দুই দলের জন্যই অনুকূল পরিবেশ তৈরি করবে।