আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ইলেকট্রনিক সিগারেট খাওয়ার অভিযোগে কোনওরকমে ব্যান থেকে বেঁচেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ।

তবে ফের তদন্তের দাবি উঠেছে পরাগের বিরুদ্ধে। এক মহিলা সংগঠনের প্রশ্ন, নিষিদ্ধ পণ্যকে স্বাভাবিক করে তোলার কোনও প্রচেষ্টার অংশ হিসেবেই কি এই ঘটনা ঘটেছে?

‘মাদার্স এগেইনস্ট ভেপিং’ নামে এক মহিলা সংগঠন, যারা ভেপ ও ই-সিগারেটের মতো নতুন প্রজন্মের নিকোটিনজাত ডিভাইসের প্রচারের বিরুদ্ধে সরব, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।

ওই সংগঠনের দাবি, ক্রিকেট বিশেষ করে আইপিএলের মতো জনপ্রিয় মঞ্চে এই ধরনের দৃশ্য তরুণ প্রজন্মকে ভুল বার্তা দিতে পারে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি করা হয়েছে সংগঠনের তরফে।

ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কে জড়িয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। এমন কাণ্ডের জন্য তাঁর কাছে জবাব চাইতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌।

যুক্তিসঙ্গত জবাব দিতে না পারলে পরাগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিষয়ে রিয়ানের কাছ থেকে ব্যাখ্যা চাইব আমরা। কারণ ধূমপানের অনুমতি নেই সাজঘরে। ওর ব্যাখ্যার উপর নির্ভর করে বিসিসিআই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।’‌

এদিকে, আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ই–সিগারেট বহু ক্রিকেটারই খান। তিনি বলেছেন, ‘‌অনেক ক্রিকেটারই রয়েছে যারা ই–সিগারেট খায়। তবে সাজঘরে এই কাজ কেউ করে না। ব্যাপারটা খুবই ঝুঁকির। কারণ এখনকার দিনে প্রচুর ক্যামেরা রয়েছে চার পাশে। পরাগকে যেহেতু প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে তাই ওর বিরুদ্ধে বোর্ডকে ব্যবস্থা নিতেই হবে।’‌

আইপিএলের আগে সব দলের অধিনায়কদের নিয়ে বৈঠক করেছিল বোর্ড। সেই বৈঠকে অনেক ক্রিকেটারই আপত্তি করেছিলেন ক্যামেরা দিয়ে ড্রেসিংরুম দেখানোর ব্যাপারে।

ওই সূত্র বলেছেন, ‘‌ই–সিগারেট খাওয়ার জন্য বিরোধিতা করা হয়নি। ক্রিকেটাররা চেয়েছিল গোপনীয়তা সুরক্ষিত থাকুক। অনেক সময়েই সাজঘরে ক্রিকেটাররা পুরো পোশাক পরে থাকে না অথবা ক্যামেরার আড়ালে থাকতে চায়।’‌

ওই সূত্রের সংযোজন, ‘‌ওদের বোর্ড বলে দিয়েছিল, বিষয়টা পুরোপুরি সম্প্রচারকারী সংস্থার উপর নির্ভরশীল। ক্যামেরা কোথায় থাকবে বা সাজঘরের ভিডিও দেখানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না বোর্ড। এই ঘটনার পর হয়তো বিষয়টা বদলাবে। তবু বলা যায়, পরাগ খুবই খারাপ কাজ করেছে। এ ধরনের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম। ওর মতো মাপের ক্রিকেটারের ধূমপান করতে গিয়ে ধরা পড়া মোটেই ভাল বিজ্ঞাপন নয়।’‌

রাজস্থানের ইনিংসের ১৬ তম ওভারে ঘটনাটি ঘটে। সেই সময়ে ক্যামেরা তাক করা হয়েছিল রাজস্থানের সাজঘরের দিকে। হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরেন রিয়ান।

সেই সময়েই তাঁর সামনে এসে পড়েন যশস্বী জয়েসওয়াল। তিনি সরে যেতে দেখা যায়, পরাগের মুখ থেকে ধোঁয়া বার হচ্ছে। মনে করা হচ্ছে, ই–সিগারেট জাতীয় কিছু সেবন করেছেন তিনি। প্রসঙ্গত, ই–সিগারেট ভারতে নিষিদ্ধ। কেউ সেবন করলে তিনি জেলেও যেতে পারেন।‌