আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাঁকে ভ্যাপিং করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি সামনে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েন তরুণ ক্রিকেটার। এই ঘটনায় বিসিসিআই রিয়ান পরাগের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করেছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। বোর্ডের মতে, এই আচরণে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই বিতর্কে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সতর্ক থাকা প্রয়োজন। এই ধরনের ঘটনা যতটা এড়িয়ে যাওয়া উচিত। অশ্বিন বলেন, ‘এটা এমন এক ধরনের পরিস্থিতি, যা সহজেই এড়িয়ে যাওয়া যায়। আমি চাই না কোনও তরুণ ক্রিকেটার এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ুক।’

তিনি আরও বলেন, ‘এটা ব্যক্তিগত পছন্দের বিষয় হতে পারে। কিন্তু ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত জায়গাতেই থাকা উচিত। প্রকাশ্য জায়গায় এই ধরনের কাজ না করাই ভাল।’

রিয়ান পরাগকে উদ্দেশ্য করে অশ্বিনের বার্তা, ‘তোমার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, তা নিয়ে কারও বলার অধিকার নেই। কিন্তু তুমি এখন অধিনায়ক, ফ্র্যাঞ্চাইজির নেতা। বহু তরুণ ক্রিকেটার তোমাকে অনুসরণ করে। তাই দায়িত্বও রয়েছে।’

অশ্বিন আরও জানান, এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ শিক্ষা নেবে না। তবে একইসঙ্গে তিনি রিয়ানের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘আমি রিয়ানের প্রতি সহানুভূতিশীল। কিন্তু একইসঙ্গে বিশ্বাস করি, এই ধরনের ঘটনা এড়ানো উচিত। ব্যবস্থা না নিলে কেউ শিক্ষা নেবে না।’

আইপিএল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ইলেকট্রনিক সিগারেট খাওয়ার অভিযোগে কোনওরকমে ব্যান থেকে বেঁচেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ।

তবে ফের তদন্তের দাবি উঠেছে পরাগের বিরুদ্ধে। এক মহিলা সংগঠনের প্রশ্ন, নিষিদ্ধ পণ্যকে স্বাভাবিক করে তোলার কোনও প্রচেষ্টার অংশ হিসেবেই কি এই ঘটনা ঘটেছে?

‘মাদার্স এগেইনস্ট ভেপিং’ নামে এক মহিলা সংগঠন, যারা ভেপ ও ই-সিগারেটের মতো নতুন প্রজন্মের নিকোটিনজাত ডিভাইসের প্রচারের বিরুদ্ধে সরব, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।