আজকাল ওয়েবডেস্ক: আরসিবির কাছে হারটা ধাক্কা দিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। কিন্তু তার চেয়েও বড় ধাক্কা অধিনায়ক ঋষভ পন্থের চোট।
ব্যাট করতে নেমে জস হ্যাজলেউডের বলে কনুইয়ে চোট পান ঋষভ। প্রাথমিক চিকিৎসায় উপকার না হওয়ায় তখন উঠে যান। পরে চাপের মুখে আবার ব্যাট করতে নামলেও পরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি।
যদিও লখনউ শিবির সূত্রের খবর, পন্থের চোট গুরুতর নয়।
খেলায় অবশ্য উইকেটকিপিং করতে আর নামেননি পন্থ। আর তারপরেই শুরু হয় জল্পনা। যদিও এই বিষয়ে সরকারিভাবে এলএসজি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এদিকে, লখনউয়ের বিরুদ্ধে একপেশে জয় পেলেন বিরাটরা। ২০ ওভারে মাত্র ১৪৬ তুলেছিল লখনউ। যা ১৫.১ ওভারেই তুলে দেয় গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। বিরাট করেন ৩৪ বলে ৪৯। ম্যাচের সেরা হয়েছেন হ্যাজলেউড।
এদিকে, হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াচ্ছে চেন্নাই সুপার কিংস। পরপর দুটি জয় অক্সিজেন জুগিয়েছে সঞ্জু স্যামসনদের।
প্রথমে দিল্লি ক্যাপিটালস, পরে কলকাতা নাইট রাইডার্স। টানা দুটি জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে সিএসকে’কে। তবে চেন্নাই ভক্তরা তাকিয়ে রয়েছেন কবে ধোনি মাঠে নামবেন। চোটের জন্য এখনও মাঠে নামেননি ধোনি। প্রথমে জানা গিয়েছিল, চোটের জন্য প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। তারপর জানা যায়, সম্ভবত কলকাতা ম্যাচে তিনি খেলবেন। কিন্তু সেই ম্যাচেই দেখা যায়নি ধোনিকে।
চেন্নাইয়ের পরের ম্যাচ ১৮ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধোনি প্রায় সুস্থ। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে ধোনি হায়দরাবাদ যাবেন কিনা।’















