আজকাল ওয়েবডেস্ক: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আরও একটি জয় তুলে নিয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বিরাট কোহলির চোট নিয়ে চিন্তিত আরসিবি শিবির। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর মুম্বইকে ১৮ রানে হারিয়ে জয়ে ফেরে রজত পতিদাররা। ফিল সল্ট, বিরাট কোহলি এবং বেঙ্গালুরুর অধিনায়কের দুরন্ত অর্ধশতরানে ২৪০ রান তোলে আরসিবি। ৩১ বলে শেরফেন রুদারফোর্ডের ৭১ রান সত্ত্বেও, শেষপর্যন্ত ১৮ রানে হারে মুম্বই। কিন্তু মুম্বইয়ের ইনিংসে ফিল্ডিং করতে নামেননি বিরাট কোহলি। মাঠের ধারে জ্যাকেট পরে বসে থাকতে দেখা যায় তাঁকে। এই দৃশ্য দেখে উদ্বিগ্ন হয় কোহলি ভক্তরা। ম্যাচ শেষে তাঁদের আশ্বস্ত করেন পতিদার।
আরসিবির অধিনায়ক জানান, কোহলির ফিটনেস নিয়ে ভয়ের কোনও কারণ নেই। পতিদার বলেন, 'আমি এখনও ঠিক জানি না। তবে আমার মনে হয়, ও এখন ঠিক আছে।' দলের ব্যাটিং নিয়ে খুশি তিনি। দাবি করেন, প্লেয়ারদের ভূমিকা আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্যানদের উন্মাদনার কথাটিও মাথায় রাখেন তাঁরা। পতিদার বলেন, 'মুম্বইয়ের এই মাঠে আলাদা আবহাওয়া। স্টেডিয়াম পুরো ভর্তি থাকে। সম্পূর্ণ আলাদা অনুভূতি। প্রত্যেককে নিজেদের ভূমিকা বুঝিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে বিরাট ভাই এবং সল্ট ইনিংস শুরু করে, আমরা শুরুতেই ডাইভিং সিটে চলে যাই। তারপর আমার এবং টিম ডেভিডের ক্যামিও। দলীয় প্রচেষ্টায় জয়।' দুর্দান্ত ছন্দে আছেন পতিদার। ৫৯ বলে ১২৯ রান করেন। স্ট্রাইক রেট ২১৮.৯৪। তারমধ্যে রয়েছে ৯টি চার এবং ১১টি ছয়। মাত্র দু'বার আউট হন। পেসারদের বিরুদ্ধে ৩২ বলে ৬৬ রান করেন। স্ট্রাইক রেট ২০৬.২৫। চলতি আইপিএলে বৈভব সূর্যবংশীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার অধিকারী আরসিবির অধিনায়ক। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। চার ইনিংসে তাঁর রান ১৯৫। গড় ৬৫। স্ট্রাইক রেট ২১৪.২৮। পরের ম্যাচেও একই ছন্দ ধরে রাখতে চান।















