আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আইপিএলের ঢাকে কাঠি পড়বে। শনিবার চিন্নস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কালো আর্মব্যান্ড পরে খেলবেন বিরাট কোহলিরা। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর পদপিষ্টের ঘটনায় প্রাণ হারায় ১১জন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কালো ব্যান্ড পরে খেলবে আরসিবি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, '৪ জুন দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারায় আরসিবির পরিবারের ১১জন সদস্য। তাঁদের শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলবে আরসিবি। এর পাশাপাশি ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় সব প্লেয়ার ১১ নম্বর জার্সি পরবে।' এছাড়াও চিন্নস্বামী স্টেডিয়ামের ১১টা সিট ফাঁকা রাখা হবে। এইভাবেই তাঁদের চিরশ্রদ্ধা জানানো হবে।'
শুধু আরসিবি নয়, পদপিষ্টের ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানাতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাঁকজমকভাবে শুরু হবে না আইপিএলের ১৯তম সংস্করণ। সাধারণত যেখানে প্রথম ম্যাচ হয়, সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান হয়। কিন্তু এবার সেই ট্রেন্ড বদলাচ্ছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হচ্ছে না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুধু সেখানেই নয়, এবার বাদ দেওয়া হচ্ছে কোটিপতি লিগের ওপেনিং সেরেমনি।
গতবছর চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জন মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। সুতরাং, শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কোনও সেলিব্রেশন হবে না। তবে বিসিসিআই এবং আইপিএলের গভার্নিং কাউন্সিল গ্র্যান্ড ক্লোজিং অনুষ্ঠান করতে চাইছে। ৩১ মে ফাইনালের আগে এই অনুষ্ঠান হবে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'গতবছর ৪ জুনের মর্মান্তিক ঘটনার জন্য এবার আইপিএলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনকে শ্রদ্ধা জানাতে বিসিসিআই এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে না। তবে বোর্ড এবং আইপিএল গভার্নিং কাউন্সিল জমকালো ক্লোজিং অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।' গতবছর কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল।
















