আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের কনসর্টিয়াম। এবার কি বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির নাম বদলে যাবে? ১৬, ৭০৫ কোটি দিয়ে আরসিবির একশো শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর এই প্রশ্ন সবার মনে। ২০০৮ থেকে শুরু হয়েছে আইপিএল। প্রথম দিন থেকেই আরসিবি রয়েছে। শুরুতে যে আট ফ্র্যাঞ্চাইজি ছিল, তারমধ্যে কোহলিদের দল অন্যতম। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর আইপিএল জেতে বেঙ্গালুরু। হাত বদল হওয়ার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সংশয় কাটালেন অনন্য বিড়লা। নিজের ইনস্টাগ্রামে তেমনই ইঙ্গিত দেন বিড়লা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেই পোস্টে স্পষ্ট লেখা, ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হবে না। জানান, আদিত্য বিড়লা গ্রুপ জানিয়ে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির নাম একই থাকবে। অর্থাৎ, ফ্যানদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ হিসেবেই খেলবেন কোহলিরা। 

প্রসঙ্গত, মঙ্গলবার বিক্রি হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রেকর্ড দরে। ১৬০০০ কোটির বেশি অর্থে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কেনে আদিত্য বিড়লা গ্রুপ পরিচালিত কনসর্টিয়াম। এর অঙ্গ কুমার মঙ্গোলাম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজার্সের বোল্ট ভেঞ্চার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট। আরসিবির একশো শতাংশ শেয়ার কেনে এই গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন। 

একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, 'গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।' 

আরসিবি বিক্রি হওয়ার আগে সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজির রেকর্ড করে রাজস্থান রয়্যালস। যা শুনে হতবম্ব সৌরভ গাঙ্গুলি। ২০০৮ সালে আইপিএলের প্রথম বল খেলেন সৌরভ। গত ১৮ বছরে অনেক উন্নতি হয়েছে লিগের। বর্তমানে আইপিএলকে বাকি পাওয়ারহাউজ লিগের সঙ্গে তুলনা টানেন সৌরভ। ইপিএল এবং এনবিএর সঙ্গে তুলনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বছরে মাত্র দু'মাসের লিগ হলেও তার ব্যাপ্তি অপরিসীম। কোটিপতি লিগের প্রসারের প্রশংসা করেন প্রাক্তন বোর্ড সভাপতি। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেতাব ধরে রাখার লড়াই শুরু কোহলিদের। পদপিষ্টের ঘটনার পর আবার ক্রিকেট ফিরছে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে।