আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে নিজের আবির্ভাব ঘোষণা করেছেন প্রিয়ানস আর্য। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৭ বলে ৯৩ রান করেন। গত বছর আইপিএলে নিজের উপস্থিতির জানান দেন। অভিষেকেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭৫ রান করেন। রবিবার লখনউ জায়ান্টদের বিরুদ্ধে চোখধাঁধানো ইনিংস। তাতে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিন। বৈভব সূর্যবংশী এবং আয়ুশ মাত্রের থেকে প্রিয়ানসকে এগিয়ে রাখলেন তারকা স্পিনার। ভূয়সী প্রশংসা করলেন। অশ্বিন বলেন, 'আমি কাউকে ওপরে নীচে রাখতে চাই না। কিন্তু আমার মনে হচ্ছে প্রিয়ানস আর্য আয়ুশ মাত্রে এবং বৈভব সূর্যবংশীর থেকে এক কদম এগিয়ে। আমি তুলনা করছি না। তবে ও বড় রান করে। হাতে শটও বেশি।' 

চলতি আইপিএলে পাঁচ ম্যাচে প্রিয়ানসের রান ২১১। গড় ৪২.২। স্ট্রাইক রেট ২৪৮। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আয়ুশ মাত্রে। এই আইপিএলে সিএসকের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ছয় ইনিংসে ২০১ রান করেন। গড় ৩৩.৫০। স্ট্রাইক রেট ১৭৭.৮৭। এদিকে চলতি আইপিএলের অন্যতম সেরা পারফর্মার বৈভব সূর্যবংশী। ছয় ম্যাচে ২৪৬ রান। ভারতীয় ক্রিকেটের ফিনিক্স পাখি বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আইপিএলে নিজের জাত চেনান।

বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং। কোনও ফ্লুক নয়। একের পর এক দুর্ধর্ষ ইনিংস। এবারের আইপিএলের মূল আকর্ষণ বৈভব। তাঁর এই উত্থানে চাপ তৈরি হচ্ছে বিসিসিআইয়ের ওপর। ১৫ বছরের বিষ্ময় বালককে দ্রুত জাতীয় দলে নেওয়ার আর্জি জানানো হচ্ছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল মনে করছেন, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে অভিষেকের সময় হয়ে গিয়েছে বৈভবের। আইপিএলে পরপর রান পাচ্ছেন। ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে ধারাবাহিকতার মিশ্রণ। ১৫ বছরের ক্রিকেটার কি ভারতীয় সিনিয়র দলের টুপি পাওয়ার যোগ্য? ভেঙে যাবে শচীন তেন্ডুলকারের রেকর্ড? ক্রিকেট মহলে বর্তমানে চর্চার বিষয় এটাই।