ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব আনুষ্ঠানিকভাবে শেষ হলেও তার রেশ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। শক্তিক্ষয় করে সে এখন সাধারণ এক নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে ঠিকই, তবে তার রেখে যাওয়া অবশিষ্টাংশেরই জেরে শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
7
কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের কারণে বাতাসে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে, ফলে এখনই মিলছে না আবহাওয়ার স্বস্তি।
3
7
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সারাদিনই শহর কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
4
7
মেঘলা রোদের লুকোচুরির সঙ্গেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়াও আজ সর্বত্র একরকম থাকবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
5
7
তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সতর্কতা একটু বেশি। এখানেই শেষ নয়, হাওয়া অফিসের স্পষ্ট ইঙ্গিত—এখনই দুর্যোগ থেকে পাকাপাকি রেহাই মিলছে না। ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের নানা প্রান্তে দফায় দফায় এমন বৃষ্টি চলতে পারে, তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে শুষ্ক আবহাওয়ার সূচনা হবে।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিন্তু এখনও বেশ ভালোই জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক জায়গায় শনিবার হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
7
7
বিশেষ করে পাহাড়ি এলাকা ও ডুয়ার্সের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের ঝুঁকি থাকায় পাহাড়প্রেমী ও পর্যটকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ছুটির মেজাজে শনিবার বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখা ছাড়া গতি নেই।