আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে মুম্বই-বেঙ্গালুরু সবসময়ই বড় ম্যাচ। ট্রফির বিচারে রোহিত শর্মারা অনেক এগিয়ে থাকলেও, এই দ্বৈরথ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএলের মঞ্চে অন্যতম আকর্ষণীয় লড়াই। রবিবার সব বিভাগেই মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দেয় বেঙ্গালুরু। হারের জন্য হার্দিকের অধিনায়কত্বকে দায়ী করলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে রজত পতিদারের বিরুদ্ধে বোলিং বিকল্প বাছাই নিয়ে। চোখে আঙুল দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ভুল দেখিয়ে দেন। নিজের ইউ টিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণে ২০২৪ সালের সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের উদাহরণ টানেন। সেই ম্যাচে মারকান্ডেকে এক ওভারে ছয় ছক্কা মারেন রজত পতিদার।
স্পিনের বিরুদ্ধে আরসিবির নেতার রেকর্ড ভাল। বিশাল ছক্কা হাঁকাতে পারেন। তাসত্ত্বেও মারকান্ডেকে বল দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এই ভুলের খেসারত দিতে হয় মুম্বইকে। ১১তম ওভারে তাঁকে পরপর তিনটে ছয় মারেন। অশ্বিন বলেন, '২০২৪ সালে সানরাইজার্স ম্যাচে নিজেকে স্পিন হিটার হিসেবে প্রতিপন্ন করেন পতিদার। মারকান্ডেকে মাঠের প্রতি কোনায় মারেন। সেদিনের ওভারের সঙ্গে এদিনের ওভারের মিল আছে। ওভারের প্রথম বলে রান নেন বিরাট কোহলি। বাকিটা একই। সেদিন চারটে ছয় মেরেছিল। এদিন তিনটে মেরেছে।স্পিনারদের বিরুদ্ধে বড় হিটার পতিদার। ও ব্যাট করতে আসা মাত্র তুমি মারকান্ডেকে বল দিলে? মোটেই বুদ্ধিমান সিদ্ধান্ত নয়। খুবই গড়পড়তা। মারকান্ডে কী ভাবছে সেটা জানা দরকার। হায়দরাবাদে ওকে ধুইয়ে দেয়। এখানে প্রথম বল থেকেই মারতে শুরু করে পতিদার।'
রবিবার স্পিন একেবারেই কার্যকরী হয়নি। ৪৩ রান দেন মিচেল স্যান্টনার। পুরো চার ওভার বল করেন। ৬ ওভারে স্পিনাররা ৮৩ রান দেয়। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'পার্থক্য ২১০ এবং ২৪০ রানের মধ্যে। ২ ওভারে ৪০ রান দেয় মারকান্ডে। স্পিনাররা মোট ৮৩ রান দেয়।' হারের জন্য মূলত হার্দিকের ভুল সিদ্ধান্তকেই দায়ী করেন প্রাক্তন ভারতীয় তারকা।















