আজকাল ওয়েবডেস্ক: দু'বছর আগে টি-২০ ক্রিকেট ছাড়ার পরও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একই ছন্দে বিরাট কোহলি। চলতি আইপিএলের প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে। তাঁর ওপর অগাধ আশা রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তৃপক্ষের। এবার তারকা ক্রিকেটারকে নিয়ে বড় বিবৃতি রবিচন্দ্রন অশ্বিনের। প্রাক্তন তারকা স্পিনারের দাবি, টেস্ট ছাড়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটে উন্নতি করেছেন কোহলি। হাতে শট আগের তুলনায় বেড়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে না দেখে ছক্কা হাঁকান। যা জেন জি ভাইব দেয়। তরুণদের সঙ্গে পাল্লা দিচ্ছেন সমানতালে। অশ্বিন মনে করছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় নতুন ধরনের শট খেলার চেষ্টা করছেন বিরাট। 

অশ্বিন বলেন, '২০২৪ সালে বিরাট টেস্ট ক্রিকেট খেলত। তখনও ওর ব্যাট খুব বেশি নড়াচড়া করত না। কিন্তু ২০২৬ সালে সম্পূর্ণ আলাদা। ব্যাট মুভমেন্ট অনেক বেশি। এখন প্রথমে ব্যাট নামিয়ে রাখে। পরে তুলে দেয়। বা ক্রমাগত ব্যাট নড়ে। দারুণ পজিশনে চলে যাচ্ছে। ২০২৪ সালে মাথা শক্ত থাকত এবং তেমন পায়ের মুভমেন্টে একটা ভারসাম্য থাকত। কিন্তু এখন আর টেস্ট খেলে না, তাই হাতের মুভমেন্টে নিয়ে বেশি ভাবতে হয় না। নিজের পছন্দের শট খেলতে পারে।'

কোহলির টেকনিক্যাল পরিবর্তনের কথা উল্লেখ করেন আরেক প্রাক্তন তারকা ইরফান পাঠানও। দাবি, বিরাট নিজের খেলায় বেশ কিছু টেকনিক্যাল পরিবর্তন এনেছেন। পাঠান বলেন, 'ব্যাকলিফটের জন্য বেশি মোমেন্টাম এবং পাওয়ার পাচ্ছে। সেই কারণেই স্ট্রাইক রেট বেড়ে গিয়েছে। বোলার বল করার সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে সেই মোমেন্টাম পাওয়া যায় না। বড় শটের মারতে অসুবিধা হয়। কিন্তু ব্যাট ওঠানামা করলে সেই মোমেন্টাম পাওয়া যায়।' আরসিবির দুই ম্যাচে কোহলির রান ৯৭। তারমধ্যে মাত্র একবার আউট হন। চলতি বছর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শুরু করেন তারকা ক্রিকেটার। প্রথম দুই ম্যাচেই ধারাবাহিকতায় পরিচয় দেন।