আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক রিয়ান পরাগকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজস্থান রয়্যালসের অন্দরে।
এমনিতে রানের মধ্যে নেই পরাগ। নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। সতীর্থদের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে। তার উপর ড্রেসিংরুমে সিগারেট খেয়ে দলের অস্বস্তি আরও বাড়িয়েছেন রিয়ান পরাগ। অধিনায়কের এমন আচরণে ক্ষুব্ধ রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা। দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে তিনি বলেছেন, দল এবং ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মানানসই নয়, এমন কোনও কিছুই তাঁর পছন্দ নয়।
এটা ঘটনা, ভাল খেললেও চলতি আইপিএলে একাধিক বিতর্কে জড়িয়েছে রাজস্থান। এর আগে ম্যাচ চলাচালীন ডাগআউটের পাশে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডার। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ড্রেসিংরুমে বসে ই–সিগারেট খেয়ে বিতর্ক তৈরি করেছেন অধিনায়ক রিয়ান। তাঁকেও শাস্তি পেতে হয়েছে। সতর্ক করার পাশাপাশি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বিসিসিআই।
এই পরিস্থিতিতে দিল্লি ম্যাচের আগে কড়া বার্তা দিয়েছেন কোচ সাঙ্গাকারা। তিনি বলেছেন, ‘এই ধরনের বিতর্ক কখনও দলের জন্য ইতিবাচক হতে পারে না। আমি শুধু বলতে পারি, বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ক্রিকেটারদের মনে করিয়ে দিতে চাই, দলের সংস্কৃতি বজায় রাখতে হবে।’
এটা ঘটনা, রিয়ানের ম্যাচ ফি–র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ১৪ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে রাজস্থান। সুতরাং, প্রতি ম্যাচে তিনি ১ কোটি টাকা করে পান। তার ২৫ শতাংশ, অর্থাৎ, ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পরাগকে। আইপিএলের নিয়মের ২.২১ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে রিয়ানকে। এই ধারা অনুযায়ী, ক্রিকেট খেলার মানহানির জন্য শাস্তি দেওয়া হয় ক্রিকেটারদের। তাঁকে সতর্কও করে দিয়েছে বোর্ড। ভবিষ্যতে এই ধরনের ভুল করলে নির্বাসনের শাস্তিও পেতে হতে পারে পরাগকে।















