আজকাল ওয়েবডেস্ক: লজ্জার রেকর্ড গড়ে ফেললেন আরসিবি ব্যাটার ফিল সল্ট। আইপিএলে এই নিয়ে তিনবার প্রথম বলেই আউট হলেন সল্ট।
এবারের আইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগছেন এই ইংরেজ ব্যাটার। চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৭ করার পর হায়দরাবাদের বিরুদ্ধে করেন ৮। এরপর রাজস্থানের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হন সল্ট। আর এই নিয়ে আইপিএলে তিন তিনবার প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরলেন সল্ট।
আইপিএলের ইতিহাসে প্রথম বলে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন পার্থিব প্যাটেল। তিনি চার বার প্রথম বলেই আউট হন। তিনবার করে প্রথম বলে আউট হয়েছেন ডোয়েন স্মিথ, পৃথ্বী শ, লোকেশ রাহুল ও ফিল সল্ট।
এদিকে, তাক লাগিয়ে দিচ্ছে বৈভব সূর্যবংশী। গতবারই প্রথম আইপিএলের আঙিনায় দেখা গিয়েছিল বৈভবকে। তখন বয়স ছিল ১৪। এখন ১৫। শুক্রবার আরসিবির বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেছে বৈভব। ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছয়। হাফ সেঞ্চুরি করেছে মাত্র ১৫ বলে। আর তাতেই একটি নজির গড়ে ফেলেছে বৈভব।
ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম অর্ধশতরানের তালিকায় বৈভব এখন রয়েছে তিনে। তালিকায় এক নম্বর নাম যশস্বী জয়েসওয়াল। তিনি ১৩ বলে অর্ধশতরান করেছিলেন কেকেআরের বিরুদ্ধে। দুইয়ে লোকেশ রাহুল (১৪ বল), তিনে ইউসুফ পাঠান (১৫ বল)। বৈভবও রয়েছে তিনে। তাঁর আইপিএলে ১৫ বলে দু’বার অর্ধশতরান রয়েছে। চেন্নাই ও আরসিবির বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান রয়েছে বৈভবের।
এছাড়া রাজস্থানের ব্যাটার হিসেবে প্রথম ছয় ওভারের মধ্যে অর্ধশতরান করে তিনি ছুঁয়েছেন জস বাটলারকে। এই রেকর্ড যশস্বীর দু’বার আছে। এছাড়া একবার করে এই কৃতিত্ব গড়েছেন মাইকেল লাম্ব, বেন স্টোকস ও নীতীশ রানা।
এদিকে, দুরন্ত ইনিংসের পর বৈভব বলেছে, ‘মাথায় কোথাও একটা থাকে যে সামনে বুমরা বল করছে। কিন্তু আমি যেটা প্র্যাকটিসে করি, সেটাই মাঠে করার চেষ্টা করি। বল দেখো আর মারো, বোলার কে দেখার দরকার নেই।’















