আজকাল ওয়েবডেস্ক: বিশাল অঙ্কের প্রস্তাব পেতে চলেছেন প্যাট কামিন্স। টেস্ট এবং একদিনের ক্রিকেট অধিনায়ককে দীর্ঘমেয়াদী অফার দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে জাতীয় দলের টুর্নামেন্টের সময় তাঁকে পাওয়া যায়। কামিন্সকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৩ কোটি। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বছর প্রতি ৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি।
কয়েকদিন আগে একটি মিডিয়া রিপোর্টে জানা গিয়েছিল, কামিন্সকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে সরে এসে তাঁদের হয়ে গ্লোবাল টি-২০ লিগে প্রতিনিধিত্ব করার কথা জানানো হয়। সেটা রুখতেই এবার এগিয়ে এল ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দেওয়া হল।
অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেটারদের কি দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে আর্থিক নিরাপত্তা প্রয়োজন? এক কথায় মেনে নেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট হেড জেমস অলসপ। তিনি বলেন, 'অবশ্যই। ওদের অধিকার আছে। দীর্ঘদিন ধরে ওরা অস্ট্রেলিয়ার হয়ে সব ফর্ম্যাটে দক্ষতার সঙ্গে পারফর্ম করেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমাদের যা সম্ভব করতে চাই। এটাকেই আমরা অগ্রাধিকার দেব। মাল্টি ফরম্যাট প্লেয়ারদের কদর বাড়ছে। প্যাট কামিন্স, জস হ্যাজলউড, ট্রাভিস হেডদের চাহিদা আছে। এরমধ্যেও যাতে ওরা অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা দেখায়, আমরা সেটারই চেষ্টা করছি।' ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বিশাল অঙ্কের চুক্তির সঙ্গে ম্যাচের সংখ্যার কোনও সম্পর্ক নেই। অর্থাৎ, কামিন্স কটা ম্যাচ খেলছে, তাঁর ওপর কিছু নির্ভর করবে না। প্রসঙ্গত, বুধবার পাঞ্জাব কিংসকে হারিয়ে একনম্বর স্থানে চলে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বল হাতে অবদান রাখেন কামিন্স।















