আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে সুখবর। আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স। পিঠের চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ান তারকা। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, 'প্যাট কামিন্সের আবার স্ক্যান হয়েছে। আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনও নিষেধাজ্ঞা ছাড়া বল করতে পারবে। সিডনিতে আবার ওর পিঠের স্ক্যান করা হয়। যার ফলে আইপিএলে ফিরতে কোনও বাধা রইল না।' ব্যাক স্ট্রেসের জন্য প্রায় একবছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয় কামিন্সকে। কিন্তু বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে। একটি বিবৃতিতে জানানো হয়, 'অস্ট্রেলিয়ান পেসার শুক্রবার ভারতে আসবে। বাকি আইপিএলে তাঁর সতীর্থ ট্রাভিস হেড এবং সানরাইজার্স দলের সঙ্গে যোগ দেবে। কামিন্সের স্ক্যান রিপোর্ট ভাল। যে পিঠের চোটের জন্য প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল, সেটা সেরে গিয়েছে।'
দলের সঙ্গে যোগ দিলেও সঙ্গে সঙ্গে অজি পেসারকে মাঠে নামানো হবে না। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, 'এই সপ্তাহান্তে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স। বুধবার দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে। কিন্তু কামিন্সকে নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে ফিরবে।' দলের সঙ্গে যোগ দেওয়ার পর আবার নেতার ভূমিকায় দেখা যাবে কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ঈশান কিষাণ। দুটি ম্যাচ জিতে চার নম্বরে রয়েছে হায়দরাবাদ। আইপিএলের দ্বিতীয় পর্বের গুরুত্বের কথা ভেবে কামিন্সকে নিয়ে তড়িঘড়ি করতে চাইছে না ম্যানেজমেন্ট। তাঁকে প্লে অফে চায় হায়দরাবাদ। পরের এক বছরে ২১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেটাও মাথায় রাখা হচ্ছে। প্রসঙ্গত, আইপিএল শুরু হওয়ার আগের দিন ২৮ মার্চ, হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন কামিন্স। প্রথম ম্যাচে সানরাইজার্সের মুখোমুখি হয় হায়দরাবাদ। কিন্তু পিঠের চোটের জন্য বেশিদিন থাকতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের পর, ২ এপ্রিল দেশে ফিরে যান কামিন্স।
















