আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের মগডালে বিরাট কোহলিরা। পরপর দু'বার ট্রফি জেতার হাতছানি। কিন্তু আইপিএলের ইতিহাস বলছে, প্রথম স্থানে শেষ করা সবসময় ট্রফির গ্যারান্টি দেয় না। প্লে অফের পরিসংখ্যান এবং সমীক্ষার বিচারে খেতাব দৌড়ে এগিয়ে গুজরাট টাইটানস। বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং গুজরাট, তিনটে দলই ১৮ পয়েন্টে শেষ করেছে। রানরেটের ভিত্তিতে একনম্বরে আরসিবি। ১৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রাজস্থান রয়্যালস। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই প্লে অফ নিশ্চিত। রাজস্থান হারলে লড়াইয়ে ঢুকে পড়বে পাঞ্জাব এবং কলকাতা। অঙ্কের বিচারে এখনও ছিটকে যায়নি দিল্লি। 

২০১১ আইপিএল থেকে প্লে অফ শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রথম তিন মরশুমে নক আউট ফরম্যাট ছিল। আগের ফরম্যাট অনুযায়ী, প্রথম চার দল সরাসরি নকআউট সেমিফাইনাল খেলত। একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। কিন্তু লিগ পর্বের সবচেয়ে ধারাবাহিক দলকে পুরস্কৃত করতে, বিসিসিআই চার ম্যাচের প্লে অফ সিস্টেম চালু করে। এই ফরম্যাট লিগের সেরা দুই দলকে ফাইনালে যাওয়ার দুটো সুযোগ দেয়। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলোকে সাডেন ডেথের মুখোমুখি হতে হয়। ২০১১ সালে প্লে অফ চালু হওয়ায় পর থেকে, দ্বিতীয় স্থানে থাকা দল বেশিরভাগ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম স্থানে থাকা দল পাঁচবার খেতাব জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা দল জেতে ন'বার। তিন নম্বরে থাকা দল জিতেছে একবার। চতুর্থ স্থানে থাকা দল কোনওবার চ্যাম্পিয়ন হয়নি। প্লে অফে দ্বিতীয় স্থানে শেষ করতে পারলে, এই পরিসংখ্যান শুভমন গিলদের পক্ষে যাবে। 

গতবছর দ্বিতীয় স্থানে শেষ করেছিল আরসিবি। একই পয়েন্ট থাকলেও, রানরেটে একনম্বরে ছিল পাঞ্জাব। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারায় বেঙ্গালুরু। ফাইনালে আবার শ্রেয়স আইয়ারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সবসময় একনম্বরে শেষ করেও ভাগ্যে ট্রফি জোটেনি বেঙ্গালুরুর। ২০১১ সালে গ্রুপ পর্বে একনম্বরে শেষ করেও ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারে। ২০১৬ সালে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে ওঠে। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে। চেন্নাইয়ের পাশাপাশি আইপিএলে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় স্থানে শেষ করে দু'বার চ্যাম্পিয়ন হয়। তিনবার একনম্বরে শেষ করে খেতাব পায়। গুজরাটের শুরুটা স্বপ্নের মতো হয়। ২০২২ আইপিএলে গ্রুপ পর্বে একনম্বরে শেষ করে। ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে অভিষেক বছরই খেতাব জেতে। এলিমিনেটর থেকে একমাত্র দল হিসেবে আইপিএলের জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ আইপিএলে কোহলিদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়।