আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ এবং রাজস্থান রয়্যালসে আমেরিকা কোম্পানির লগ্নি বিশ্বমার্কেটে আইপিএলের দর বুঝিয়ে দিয়েছে। এবার বিরাট কোহলির সঙ্গে আলাদা করে আলোচনায় বসবে আরসিবির নতুন মালিকরা। গত ১৮ বছরে এই ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ অঙ্গ কোহলি। সেটা মেনে নিলেন টাইমস ইন্টারনেট লিমিটেডের চেয়ারম্যান সত্যেন গাজওয়ানি। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকরা চুক্তিতে সই করার পর বিরাট কোহলির সঙ্গে আলাদা করে আলোচনায় বসবে কর্তৃপক্ষ। 

গাজওয়ানি বলেন, 'বিরাট আইকনিক প্লেয়ার। ওর সঙ্গে পার্টনারশিপে যেতে পেরে আমরা কৃতজ্ঞ। চুক্তিতে সই হয়ে গেলে অবশ্য আমরা ওর সঙ্গে আলাদা আলোচনায় বসব। কীভাবে আমরা একসঙ্গে মিলে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আলোচনা করব।' আদিত্য বিড়লা গ্রুপের কর্ণধারের কন্যা অনন্য বিড়লা আগেই জানিয়ে দিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হবে না। একই সুর গাজওয়ানির গলায়। জানান, আরসিবি একটি শক্তিশালী ব্র্যান্ড। তাই নামে কোনও বদল হবে না। গাজওয়ানি বলেন, 'এটা একটা ব্র্যান্ড। মাঠে এবং মাঠের বাইরের পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। তাই আমাদের কাজ হবে ওদের সাপোর্ট করা। এখনও পর্যন্ত দল যা করে এসেছে, সেটাই চলবে। 

আমেরিকায় শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। একেবারেই সদ্যোজাত লিগ। তবে এর ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে কিছুটা ধারণা হয়েছে কর্তৃপক্ষের। সেই অভিজ্ঞতা আইপিএলে সাহায্য করবে বলে মনে করছেন তিনি। গাজওয়ানি বলেন, 'আইপিএল এবং এমএলসি সম্পূর্ণ আলাদা। আমেরিকার অধিকাংশ জায়গায় ক্রিকেট প্রচলিত নয়। সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আইপিএল প্রতিষ্ঠিত টুর্নামেন্ট। একই খেলা, তবে ভিন্ন পরিস্থিতি।' 

প্রসঙ্গত, মঙ্গলবার বিক্রি হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রেকর্ড দরে। ১৬০০০ কোটির বেশি অর্থে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কেনে আদিত্য বিড়লা গ্রুপ পরিচালিত কনসর্টিয়াম। এর অঙ্গ কুমার মঙ্গোলাম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজার্সের বোল্ট ভেঞ্চার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট। আরসিবির একশো শতাংশ শেয়ার কেনে এই গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন। 

একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, 'গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।' শনিবার আইপিএলে যাত্রা শুরু আরসিবির। অভিষেক ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।