আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর দিনই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। চোটের জন্য প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি।
জানা গিয়েছে, কাফ মাশলে (পায়ের পেশিতে) চোট পেয়েছেন ধোনি। শনিবার সিএসকে ফ্রাঞ্চাইজির তরফে বলা হয়েছে, আইপিএলের প্রথম দু’সপ্তাহ মাঠে নামতে পারবেন না ধোনি।
আগামী সোমবারই আইপিএলে প্রথম ম্যাচ সিএসকে’র। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সোশ্যাল মিডিয়ায় সিএসকে’র তরফে জানানো হয়েছে, ‘কাফ মাশলে চোটের জন্য ধোনির রিহ্যাব চলছে। এর ফলে আইপিএলের প্রথম দু’সপ্তাহ ধোনি খেলতে পারবেন না।’
এটা ঘটনা, দু’সপ্তাহ অর্থাৎ অন্তত প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। নতুন করে কোনও সমস্যা না হলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে পারেন তিনি।
তবে ধোনি না খেললেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় চেন্নাইয়ের। কারণ দলে রয়েছেন উইকেটকিপার–ব্যাটার সঞ্জু স্যামসন। রাজস্থান থেকে এবারই তাঁকে দলে নিয়েছে চেন্নাই। সঞ্জু আছেনও দারুণ ফর্মে। টি–২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
এটা ঘটনা, গতবার আইপিএলে ১৪ ম্যাচই খেলেছিলেন ধোনি। করেছিলেন ১৯৬ রান। গড় ছিল ২৪.৫০। মরশুমটা অবশ্য ভাল যায়নি চেন্নাইয়ের। মাত্র চারটি জয় এসেছিল। তাই এবার নতুন করে দল সাজানো হয়েছে। কিন্তু ধোনির শুরুতে না থাকাটা একটা ধাক্কা চেন্নাইয়ের কাছে।
এদিকে, আইপিএল শুরুর আগেই চাপে পড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জোরে বোলার নুয়ান থুসারাকে এখনও আইপিএলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক রিপোর্টে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পুরো ফিটনেস না থাকলে সেই ক্রিকেটারকে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেবে না।
জানা গেছে, থুসারার কোনও চোট এইমুহূর্তে না থাকলেও ফিটনেস ঠিক জায়গায় নেই। আর সেকারণেই তাঁর আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে আরসিবিও। কারণ শনিবারই আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে বিরাটদের।
















