আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে আবার একটি নজির মহম্মদ সামির। দল হারলেও রেকর্ড বাংলার পেসারের। বুধবার একানা স্টেডিয়ামে প্রথম বলেই কেএল রাহুলকে শূন্য রানে ফেরান। সঙ্গে সঙ্গে আরও একবার রেকর্ডবুকে নাম তোলেন। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার অনন্য কীর্তি স্থাপন করেন। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে এই নজির কারোর নেই। চার ওভারে ২৮ রানে ১ উইকেট নেন সামি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু নিজের ছন্দ অব্যাহত রাখেন তারকা পেসার। সামির দাপুটে শুরুতে একটা সময় মাত্র ২৬ রানে ৪ উইকেট হারায় দিল্লি। কিন্তু পরিস্থিতির ফায়দা তুলতে পারেননি ঋষভ পন্থরা। সমীর রিজভির অপরাজিত ৭০ রান এবং ট্রিস্টান স্টাবসের ৩৯ দিল্লিকে জয়ের পৌঁছে দেয়।

রেজাল্ট লখনউয়ের পক্ষে না গেলেও, সামির মাইলস্টোন এবং ফর্ম নিঃসন্দেহে এলএসজির জন্য ইতিবাচক দিক। একবছরের বেশি জাতীয় দলের বাইরে সামি। যা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে। তবে থেমে নেই সামি। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএলের শুরুতেও ছন্দে। তবে দলে সুযোগ পাওয়া তাঁর হাতে নেই। তাই নিজের কাজ করে যেতে চান। কয়েকদিন আগে একটি ইউ টিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সামি বলেন, 'বোলার হিসেবে আমি নিজের একশো শতাংশ দেব। আমি নিজের দায়িত্ব পালন করব। এইটুকুই আমার হাতে। নিজের ভাগ্য আমি বদলাতে পারব না। লখনউ আমার ওপর ভরসা রেখেছে। আমি নিজেকে উজাড় করে দেব। আসল বিষয় হল, সন্তুষ্টি।'

এখনই যে অবসরের সম্ভাবনা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দেন। সামি বলেন, 'আমি যেদিন ক্লান্ত হয়ে পড়ব, অবসর নেব। তবে এই মুহূর্তে আমি অবসরের কথা ভাবছি না। কারণ এমন ভাবনা একজনকে দমিয়ে দেয়।' বাংলার পেসার আরও একবার স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র তাঁর হবে। সামি বলেন, 'মনে এই ভাবনা আশা মানে, তুমি ইতিমধ্যেই ক্লান্ত। ক্লান্তি এলেই একঘেয়েমি চলে আসে। আমি এটা আগেও বলেছি। আমার যেদিন ঘুম থেকে উঠে সবকিছু একঘেয়ে লাগবে, সেদিন আমি ক্রিকেট ছেড়ে দেব। কিন্তু এখনও আমি সেই জায়গায় যাইনি। আমি খেলাটা উপভোগ করছি। রেজাল্টও পাচ্ছি।' যেভাবে শুরুটা করলেন, গোটা আইপিএলেই সেই ফর্ম ধরে রাখতে চাইবেন সামি।