আজকাল ওয়েবডেস্ক: ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে আইপিএল খেলা হচ্ছে না শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। তাঁর পরিবর্তে লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ দলে নিল দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। টি–২০ বিশ্বকাপে খেলেছিলেন লিন্ডে।
প্রোটিয়া স্পিনার দেশের হয়ে ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩৭টি টি–২০ খেলেছেন। তার মধ্যে টি–২০–তে উইকেট সংখ্যা ৩৫। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে মোট ২৫০টি টি–২০ খেলেছেন। লিন্ডেকে তাঁর ন্যূনতম মূল্য ১ কোটি টাকাতেই কিনেছে লখনউ। আইপিএলে প্রথম খেলতে দেখা যাবে লিন্ডেকে।
এদিকে, মাথিসা পাথিরানার আইপিএল খেলা এখনও সংশয় অব্যাহত। ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কান পেসারকে কিনেছিল কেকেআর। হাসারাঙ্গার মতো তিনিও বিশ্বকাপ চলাকালীন চোট পান। হাসারাঙ্গার মতো পাথিরানাও এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি। এর পরের ফিটনেস পরীক্ষা আগামী সপ্তাহে। সেই পরীক্ষায় শ্রীলঙ্কার পেসার পাস করলে তবেই আইপিএল খেলার ছাড়পত্র পাবেন। সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে নাইট শিবিরে দেখা যেতে পারে পাথিরানাকে।
অন্যদিকে, আরসিবির হয়ে নুয়ান তুষারারও আইপিএল খেলা অনিশ্চিত। ফিটনেস পরীক্ষায় পাস না করায় তাঁকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জোরে বোলার আদালতের দ্বারস্থ হয়েছেন। বোর্ড আদালতকে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে।
এটা ঘটনা, বোর্ডের এই সিদ্ধান্তকে কলম্বো জেলা আদালতে চ্যালেঞ্জ করেছেন জোরে বোলার। তাঁর যুক্তি এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নেই। গত ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে চুক্তির মেয়াদ। বোর্ড তাঁকে এভাবে আটকে রাখতে পারে না। এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আদালতে জানানো হয়েছে, তুষারাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিসঙ্গত আপত্তি রয়েছে।















