আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার কে? অনেকের নামই মাথায় আসবে। যেমন শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, জাক কালিসের মতো কিংবদন্তি। কিন্তু বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি কিন্তু এদের কারও নামই বলছেন না। বরং তিনি আইপিএলের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার বলছেন বাংলারই প্রাক্তনী ঋদ্ধিমান সাহাকে। যদিও শেষ অবধি মনোজের ভোট গেছে সন্দীপ শর্মার দিকে।
শন মার্শ ও ঋদ্ধিমান সাহাকে নিয়ে আলোচনা চলছিল। মার্শ আইপিএলে ৭১ ম্যাচে করেছেন ২৪৭৭ রান। স্ট্রাইক রেট ১৩২৪। অন্যদিকে ঋদ্ধিমান সাহা আইপিএলে ১৭০ ম্যাচে করেছেন ২৯৩৪ রান। রয়েছে ৯৩ ক্যাচ ও ২৬ স্টাম্পিং। উঠেছিল রজত ভাটিয়ার নামও। যিনি ৯১ ম্যাচে ৩৪২ রান করেছেন। উইকেট নিয়েছেন ৭১। তবে ৩৪২ রান এসেছে ৪৯ ইনিংসে।
তবে মনোজ শেষমেশ বেছে নিয়েছেন পেসার সন্দীপ শর্মাকে। এই পেসার আইপিএলে এখনও অবধি খেলেছেন ১৪০ ম্যাচ। আইপিএলে এখনও অবধি ১৪৯ উইকেট নিয়েছেন। ২৭.৮৭ গড়ে।
এদিকে, কলকাতার বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ লখনউয়ের। খেলা ইডেনে। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও। এই বৃষ্টির জন্যই সোমবার ইডেনে পাঞ্জাব ম্যাচ ভেস্তে গিয়েছিল।
বৃহস্পতিবার কী হবে? এই প্রশ্নের উত্তর অজানা। তবে ঋষভ পন্থের একটা গুণের কথা সতীর্থরা সকলেই মানছেন। তা হল হাসিঠাট্টা করে তিনি দলকে সবসময় মাতিয়ে রাখেন। এই কথাই বলছেন এলএসজি’র স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তিনি বলেছেন, ‘পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগতভাবে ওকে পাওয়া আমাদের কাছে সত্যিই সৌভাগ্যের।’















