আজকাল ওয়েবডেস্ক: ২৪৩ রান তাড়া করতে নেমে লক্ষ্যে পৌঁছতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী মনোভাবে করা উচিত ছিল কেএল রাহুল এবং পাথুম নিশাঙ্কার। কিন্তু ৬ বলে ৮ রান করে আউট হন শ্রীলঙ্কান। চলতি আইপিএলে ছন্দে আছেন রাহুল। আশা করা হয়েছিল, দিল্লিকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সানরাইজার্সের হয়ে যেভাবে শুরুতেই ঝড় তোলেন অভিষেক। রাহুলের থেকে তেমনই আশা করা হয়েছিল। কিন্তু ২৩ বলে ৩৭ রান করে আউট হন। হারের জন্য রাহুলকে দায়ী করলেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। সাংবাদিক সম্মেলনে সরাসরি জানিয়ে দেন, টপ অর্ডারের ব্যর্থতার ফলেই হার।
হায়দরাবাদের বিরুদ্ধে দলে ফেরেন নীতিশ রানা। কিন্তু তিন নম্বরে নেমে যথেষ্ট বেগ পান। শেষপর্যন্ত ৩০ বলে ৫৭ রান করলেও, পাওয়ার প্লেতে দিল্লির রান মাত্র ৫৯ ছিল। ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর স্পষ্ট জানিয়ে দেন, পাওয়ার প্লের ব্যর্থতাই হারের মূল কারণ। দাবি করেন, প্রথম ৬ ওভারে টপ অর্ডারের অন্তত ৮০-৯০ রান করা উচিত ছিল। সেটা না করতে পারা বড় সেটব্যাক। ভেনুগোপাল রাও বলেন, '২৪০ এর বেশি রান তাড়া করতে হলে, প্রথম ছয় ওভারে বড় রান তোলা উচিত। আমার মনে হয় সেখানে আমাদের ১৫-২০ রান কম হয়েছে। এই টার্গেটে পৌঁছতে হলে পাওয়ার প্লের শেষে ৮০-৯০ রান হওয়া উচিত। আমাদের যা ব্যাটিং গভীরতা, এই জায়গায় পৌঁছতেই পারতাম। পাওয়ার প্লেতে ৫৯ রান পর্যাপ্ত নয়। আমরা সুযোগ হাতছাড়া করি।'
নিশাঙ্কা আউট হওয়ার পর স্ট্রাইক পেতে হিমশিম খান রাহুল। পাওয়ার প্লেতে বেশিরভাগ বল খেলেন নীতিশ রানা। শ্রীলঙ্কান আউট হওয়ার পর পাওয়ার প্লেতে মাত্র ৬ বল খেলেন রাহুল, সেখানে নীতিশ খেলেন ১৭ বল। ভেনুগোপাল রাও বলেন, 'নিশাঙ্কা আউট হওয়ার পর রাহুল পর্যাপ্ত স্ট্রাইক পায়নি। প্রথম কয়েক ওভারে অন্য প্রান্তে ছিল। ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান পাওয়া উচিত। নীতিশ বেশি বল খেলায়, রাহুল শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। সেখানেই মোমেন্টাম সানরাইজার্সের দিকে ঘুরে যায়।' কুলদীপ যাদবকে দিয়ে মাত্র দু'ওভার বল করানো হয়। সেখানে পার্ট টাইম স্পিনার নীতিশ নিজের চার ওভার শেষ করেন। এই নিয়েও প্রশ্ন ওঠে। এর উত্তরে দিল্লির ক্রিকেট ডিরেক্টর জানান, এটা অধিনায়কের সিদ্ধান্ত। দাবি, টি-২০ ক্রিকেটে ঝুঁকি নিতে হয়। মাঝেমধ্যে ফাটকা কাজে লেগে যায়। দলের ফিল্ডিং নিয়েও প্রশ্ন তোলেন দিল্লির কর্তা। দু'বার অভিষেক শর্মাকে আউট করার সুযোগ হেলায় হারানো হয়। জানান, অভিষেককে আউট করার সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে দিল্লিকে।















