আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে চলছে জোর জল্পনা। যদিও কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউইট সমস্ত গুরুতর অসুস্থতার দাবি খারিজ করে দিয়েছেন। 
তিনি বলেছেন, ''ঈশ্বরের কৃপায় বিনোদ ভালো আছে। কে বা কারা, ওর স্বাস্থ্যের বিষয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, তা আমি জানি না।'' 

কয়েকদিন আগে কাম্বলির ঘনিষ্ঠ বন্ধু ও প্রথম শ্রেণির প্রাক্তন আম্পায়ার মার্কাস কুটো দাবি করেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে, যার ফলে তাঁর স্মৃতিশক্তিতে প্রভাব পড়েছে। তিনি জানান, প্রায় ১৮ মাস আগে থানেতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। তবে স্ত্রী আন্দ্রিয়া হিউইট এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 

এরই মধ্যে বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে উপস্থিত ছিলেন কাম্বলি। ভিডিওতে দেখা যায়, একা তিনি স্বাভাবিক ভাবে হাঁটতে পারছেন না। তাঁকে সাহায্য নিতে হচ্ছে। প্রিয় বন্ধু শচীন তেণ্ডুলকরের দলকে সমর্থন জানানোর জন্য কাম্বলি মাঠে যান।  তাঁর ক্রিকেটপ্রেম আবারও সামনে এসেছে।
মার্কাস কুটো আরও জানান, কাম্বলি মদ্যপান ছেড়েছেন, যদিও মাঝে মাঝে ধূমপান করেন, যা তাঁর জন্য অত্যন্ত বিপজ্জনক।

চিকিৎসক তাঁকে ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দিয়েছেন, কারণ এতে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। বর্তমানে কাম্বলি লাঠি নিয়ে চলাফেরা করছেন।  তাঁর পরিবার দেখভাল করছে কাম্বলিকে। তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো ক্রিকেটার হতে চায়। যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি কাম্বলির ছেলে। এর জন্য অবশ্য যতীন পরাঞ্জপে কোনও অর্থ নেবেন না কাম্বলির কাছ থেকে।

এছাড়া কাম্বলির বন্ধুবান্ধব ও প্রাক্তন ক্রিকেটারদের উদ্যোগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে। কাম্বলির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। এই গ্রুপে শচীন তেণ্ডুলকরও রয়েছেন।