আজকাল ওয়েবডেস্ক: সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে রাজস্থান রয়্যালসকে হারানোর পরে আবেগঘন ছবি নাইটদের ড্রেসিংরুমে। অনেকেই চোখের জল সামলাতে পারেননি। এ কথা জানিয়েছেন বরুণ চক্রবর্তী। 

এর আগে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এক পয়েন্ট দেওয়া হয় দুটি দলকেই। 

নাইটদের এই জয় পরের ম্যাচগুলোর আগে আত্মবিশ্বাস বাড়াবে। খেলার শেষে বরুণ চক্রবর্তী বলেন, ''এই জয় আমাদের কাছে  খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ ড্রেসিংরুমে অনেককে কাঁদতে দেখেছি। ২০২৪ সালে আইপিএল জয়ের সময়েও এমন দৃশ্য দেখিনি। কোচিং স্টাফকে কৃতিত্ব দিতেই হবে, কারণ বাইরের সমালোচনার প্রভাব দলের উপরে তাঁরা পড়তে দেননি।'' 

রাজস্থানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। তিনি ও সুনীল নারিন ছন্দে ফিরতেই রাজস্থানকে বিপজ্জনক হতে দেয়নি কেকেআর। 

তবে চলতি মরশুমে কেকেআরের ব্যর্থতার পিছনে একাধিক কারণ ছিল। চোটের জন্য মেগা টুর্নামেন্টের আগেই ছিটকে যান  হর্ষিত রানা, আকাশদীপ। মাথিসা পাথিরানাও চোটের জন্য প্রথম থেকে নেই দলের সঙ্গে।  মুস্তাফিজুর রহমানের বিকল্প এখনও খুঁজে পায়নি কলকাতা। কোচ অভিষেক নায়ারের কৌশল নিয়েও প্রবল সমালোচনা হয়। 

বরুণ চক্রবর্তীর মতে, কঠিন পরিস্থিতিতেও কোচিং স্টাফ দলকে ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ''টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক চোট আমাদের সমস্যায় ফেলেছিল। এই পরিস্থিতিতে দলকে সামলাতে অনেক সাহস লাগে, যা অভিষেক নায়ার দেখিয়েছেন। ধীরে ধীরে আমরা ছন্দে ফিরব।'' 

এই জয়ের পরে কেকেআর পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।