আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৯০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে এই কীর্তি গড়েন কোহলি।
এই ম্যাচে নামার আগে ন'হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র ১১ রান। অক্ষর প্যাটেলের বলে একটি সিঙ্গল নিয়ে তিনি রেকর্ডটি স্পর্শ করেন।
আইপিএলে সর্বাধিক রানের তালিকায় কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা (৭১৮৩ রান)।
এরপর যথাক্রমে শিখর ধাওয়ান (৬৭৬৯), ডেভিড ওয়ার্নার (৬৫৬৫) এবং লোকেশ রাহুল (৫৫৭৯) রয়েছেন।
এদিকে আরসিবি ন' উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। শুরু থেকেই দাপট ছিল আরসিবির।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির পেস জুটি ভুবনেশ্বর কুমার (৩/৫) এবং জশ হ্যাজলউড (৪/১২) মিলে সাতটি উইকেট নেন।
আরসিবি বোলারদের দাপটে দিল্লি ক্যাপিটালস ৭৫ রানে অলআউট হয়ে যায়। চলতি মরসুমে এটাই সর্বনিম্ন স্কোর।
দিল্লির ব্যাটারদের মধ্যে অভিষেক পোড়েল (৩০) সর্বোচ্চ রান করেন। ডেভিড মিলার (১৯) এবং জেমিসন (১২) দুই অঙ্কের রান করলেও তা যথেষ্ট ছিল না।
চতুর্থ ওভারে ৬ উইকেটে ৮ রান হয়ে যাওয়ার ধাক্কা আর সামলাতে পারেনি আরসিবি।
জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দেবদত্ত পাড়িক্কল (৩৪), জ্যাকব বেথেল (২০) এবং কোহলি (২৩) মাত্র ৬.৩ ওভারেই দলকে জিতিয়ে দেন।
ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলেন, ''পিচের আচরণে আমিও অবাক হয়েছি। সব কৃতিত্ব বোলারদের। ভুবনেশ্বর ও হ্যাজলউড সঠিক জায়গায় বল করেছে। শুরুতেই উইকেট পাওয়াটা আমাদের এগিয়ে রাখে। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ফ্ল্যাট পিচে জিততে হলে বোলিং খুব গুরুত্বপূর্ণ, কারণ বোলাররাই ম্যাচ জেতায়।''















