আজকাল ওয়েবডেস্ক: কলকাতার দুঃস্বপ্নের নাম রোহিত শর্মা। রবিবার ওয়াংখেড়েতে রোহিত রোশনাই দেখা যায়। ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি।
২২০ রানের পাহাড়প্রমাণ এক টার্গেট তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মুম্বই।
আর এই ইনিংস খেলার পথে হিটম্যান ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ডও।
আইপিএলের ইতিহাসে যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সর্বাধিক রান করার মালিক এখন হিটম্যান।
কেকেআর-এর বিরুদ্ধে রোহিতের সংগ্রহ ১১৬১ রান।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোহলির রান ছিল ১১৫৯। রবিবারের আগে পর্যন্ত কোহলিই ছিলেন সবার আগে। কিন্তু রোহিত তাঁকে ছাপিয়ে গিয়েছেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও কোহলি কিন্তু হাজারের উপরে রান করেছেন। সিএসকে-র বিরুদ্ধে কোহলির রান ১১৪৬। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁর রান ১১৩০।
নাইটদের বিরুদ্ধে চিরকালই রোহিতের ব্যাট কথা বলেছে। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত মুম্বই ইন্ডিয়ান্স তারকা প্রসঙ্গে বলেছেন, ''কয়েক বছর আগে কেকেআর ছিল রোহিত শর্মার কাছে হালুয়ার মতো উপাদেয় খাবার। কেকেআর হিটম্যানের কাছে বাদাম হালুয়ার দল। কেকেআর সামনে এলেই রোহিত স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে দেয়।'' সেটাই দেখা গেল রবিবার। ২২০ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স খুব সহজেই ম্যাচটা জিতে নিল রোহিত ও রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসের জন্য।
















