আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৬-এর শুরুটাই করল রেকর্ড গড়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার ছিল আইপিএলের উদ্বোধনী ম্যাচ। আর সেই ম্যাচেই বিরাট কোহলি ধরা দিলেন অন্য অবতারে।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে ছ' উইকেটে হারিয়ে শুরুটা করল চ্যাম্পিয়নের মতো।
২০০-র বেশি রানের টার্গেট দ্রুত তাড়া করে জেতার নজির গড়ে ফেলল আরসিবি।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি মাত্র ১৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন কোহলিরা। যা আইপিএলের ইতিহাসে ২০০-র বেশি রান তাড়া করে জেতার ক্ষেত্রে দ্রুততম। এর মাধ্যমে আরসিবি আগের রেকর্ড ভেঙে দেয়। গত মরশুমে জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৫.৫ ওভারে ২১০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস।
এই জয়ের মাধ্যমে আরসিবি নিজেদের রেকর্ড ভেঙে দিল। অতীতে ১৬ ওভারে ২০০-র বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছিল আরসিবি।
রেকর্ডের পর রেকর্ড গড়ে আরসিবি-র এই জয় প্রমাণ করে তারা কতটা দাপট নিয়ে খেলেছে।
আরসিবির এই বিরাট জয়ের নেপথ্যে রয়েছে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কলের ৪৫ বলে ১০১ রানের দুর্দান্ত জুটি।
পাড়িক্কল ২৬ বলে বিস্ফোরক ৬১ রান করে ইনিংসে গতি বাড়ান। মাত্র ২১ বলে পঞ্চাশ করেন পাড়িক্কল।
কোহলি ৩৮ বলে অপরাজিত ৬৯ রান করেন। জানুয়ারি মাসে কোহলি শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দু'মাস আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে নেই কোহলি। তবুও রাজার মতো ফিরলেন তিনি।
৬৪-তম আইপিএল হাফ সেঞ্চুরি হয়ে গেল কোহলির।
রান তাড়া করতে নেমে
আক্রমণাত্মক মেজাজেই শুরু করে আরসিবি। আর সেই আগ্রাসী ক্রিকেটের জোরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খুব সহজেই ম্যাচ জিতে নেয়।















