আজকাল ওয়েবডেস্ক: ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বোমা ফাটালেন।  মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। তাঁর এহেন মন্তব্য চেন্নাই সুপার কিংস সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। 

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, দল প্লে-অফের দৌড়ে থাকলে ধোনিকে তাড়াহুড়ো করে নামানোর কোনও পরিকল্পনা নেই। 

তাঁর মতে, টুর্নামেন্টে দলের ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার পরই ধোনিকে মাঠে দেখা যেতে পারে।

অশ্বিন বলেন, ''সোজা কথা বলছি, যদি সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন হয়তো মহেন্দ্র সিং ধোনি খেলবেন। এখন সিএসকের পয়েন্ট ছয়। বাকি ছয় ম্যাচ থেকে আট পয়েন্ট দরকার। চারটি ম্যাচ জিতলেই তারা প্লে অফের যোগ্যতা অর্জন করবে। তাহলে এখন ঝুঁকি নেওয়ার দরকার কী? তারা ঝুঁকি নেবে না।''

ধোনির প্রত্যাবর্তন ক্রমাগত পিছিয়েই চলেছে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি ধোনি। 

চোটের জন্য তিনি মাঠের বাইরে রয়েছেন, এবং তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, চোট ফের  বাড়ায় ধোনির দ্রুত প্রত্যাবর্তন এখন অনিশ্চিত।

পয়েন্ট টেবিলে সিএসকে এখন ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে-অফের আশা এখনও জীবিত থাকলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়ানো দরকার। 

১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঞ্জাব। ঠিক তার পরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস চারে। 

সাধারণত ১৪ পয়েন্ট প্লে-অফে ওঠার জন্য নিরাপদ বলেই ধরা হয়। সেই নিরিখে বিচার করলে বাকি ছ'ম্যাচে অন্তত চারটি জিততেই হবে সিএসকেকে। ২ মে সিএসকে-র সামনে মুম্বই ইন্ডিয়ান্স। 
সব মিলিয়ে, ধোনি-ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছেন অশ্বিন।