আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে আবেগী ছবি। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে কেকেআর প্রথম জয় ছিনিয়ে নিয়েছে রবিবার। ফিনিশার রিঙ্কু সিংকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। তখন মাঠের অন্যপ্রান্তে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। বাউন্ডারি লাইনের ধারে একা বসে কান্নায় ভেঙে পড়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ম্যাচ হেরে যাওয়ায় ভেঙে পড়েন তিনি। 

বৈভবের চোখের জল নজর এড়ায়নি কেকেআর শিবিরের। দলের এক সাপোর্ট স্টাফ এগিয়ে এসে তাঁর পাশে বসে সান্ত্বনা দেন। মাথায় হাত রেখে সাহস জোগান। প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে এই মানবিক মুহূর্তই ম্যাচের স্মরণীয় ছবি হয়ে ওঠে।

সূর্যবংশী ২৮ বলে ৪৬ রান করেন। অন্যদিনের মতো রবিবার তিনি বিস্ফোরক ছিলেন না। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটিতে দলের ভিত গড়ার কাজ করেন। কিন্তু সূর্যবংশী ফিরে যাওয়ার পর ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। কেকেআরের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ঘূর্ণিতে ভেঙে পড়ে রাজস্থান শিবির। রান তাড়া করতে নেমে কেকেআর চাপে পড়লেও, শেষমেশ রিঙ্কু সিংয়ের কৃতিত্বে কলকাতা প্রথম জয় ছিনিয়ে নেয়। সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেল কলকাতা ব্রিগেড। জয়ের পুরো কৃতিত্ব রিঙ্কু সিংয়ের। ব্যক্তিগত ৮ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন বার্গার। জীবন ফিরে পেয়ে রিঙ্কু ম্যাচ জেতান। নাইট শিবিরে ফিরে এল স্বস্তি। রিঙ্কু সিংকে সাহায্য করেছেন অনুকূল রায়। মারমুখী ইনিংস খেলে রিঙ্কুর উপর থেকে চাপ কমান অনুকূল।  

?ref_src=twsrc%5Etfw">April 20, 2026

সহজ ম্যাচ কঠিন করে জিতেছে কেকেআর। নাইটরা আনন্দিত। কিন্তু ম্যাচের শেষে সব আলো কেড়ে নেন রাজস্থানের বৈভব সূর্যবংশী। হার মেনে নিতে পারেননি তিনি।  অপ্রাপ্তি-ব্যর্থতার কষ্টে ভেঙে পড়েন বৈভব সূর্যবংশী। ম্যাচে ব্যাট হাতে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দেওয়া কিশোর তারকা হতাশায় ভেঙেও পড়েন। ইডেনে সেই দৃশ্যই দেখা গেল।