আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিস্ফোরক ব্যাটিংয়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। 

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকেও প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। অজি তারকার বিরুদ্ধে ভয়ডর দেখা যায়নি। আক্রমণাত্মক মেজাজে খেলে যান বৈভব। ম্যাচের শুরুতেই যশস্বী জয়সওয়ালকে বল করার পর কামিন্স যখন সূর্যবংশীর  মুখোমুখি হন, তখনই দেখা যায় তাঁর মারকুটে রূপ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আধিপত্য জানান দেন এই কিশোর।

এর আগে জশপ্রীত বুমরাহর প্রথম বলেও তিনি  একইভাবে ছক্কা হাঁকান। কামিন্সের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখেন তিনি। প্রফুল্ল হিঙ্গে প্রথম সাক্ষাতে আউট করেছিলেন সূর্যবংশীকে। বৈভব তার প্রতিশোধ নেন দ্বিতীয় সাক্ষাতে। প্রথম ওভার থেকেই শুরু হওয়া এই তাণ্ডব থামে ১৪-তম ওভারে। তার আগে ৩৬ বলে শতরান পূর্ণ করে ফেলেন। ১২টি বিশাল ছক্কা হাঁকান তিনি। তাঁর এই বিধ্বংসী ইনিংসে কার্যত দিশেহারা হয়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণ।

ম্যাচ শেষে সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ কামিন্স। তিনি বলেন, ''আমার মনে হয় ও এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও যেভাবে বল মারে, তা দেখাটা দারুণ লাগে।'' অজি তারকা আরও যোগ করেন, ''একজন বোলার হিসেবে  নিখুঁত জায়গায় বল করতে হবে, না হলে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেবে। বৈভবের শুরুটা অসাধারণ, এবং আমি ওর খেলার ধরন খুব পছন্দ করি।''

মাত্র ১৫ বছর বয়সে সূর্যবংশীর এই পারফরম্যান্স ক্রিকেটবিশ্বকে বিস্মিত করেছে। কিংবদন্তি শচীন তেণ্ডুলকর ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাস গড়েছিলেন। বৈভবও ছোট ফরম্যাটে একইভাবে দুর্দান্ত সূচনা করেছেন এবং ভবিষ্যতে বড় মাপের ক্রিকেটার হওয়ার সব গুণই তাঁর মধ্যে দেখা যাচ্ছে।
যদিও সব দৌড় শুরু করেছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সীমিত ওভারের ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা হয়ে উঠতে পারেন। এমনটাই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।