আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে চমকের মুহূর্ত। দলের মালকিন নীতা অম্বানির সঙ্গে কথোপকথনে হাসিঠাট্টায় মেতে উঠলেন রোহিত শর্মা।

রোহিতের ফিটনেস দেখে রীতিমত চমকে উঠলেন নীতা অম্বানি, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রোহিতের ছিপছিপে চেহারা দেখে অবাক নীতা।

হাসতে হাসতেই বলেন, ‘ওহ মাই গড, রোহিত! তোমাকে চিনতেই পারিনি। একেবারে তরুণের মতো লাগছে।’ জবাবে লাজুক হাসি দেন প্রাক্তন ভারত অধিনায়ক। আইপিএল চলাকালীন দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও সময় কাটান নীতা।

হালকা মেজাজের একটি মুহূর্তে পরিবারের এক সদস্যের সঙ্গে কাইরন পোলার্ড-কে ‘পলি কাকা’ বলে পরিচয় করিয়ে দেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

উল্লেখ্য, রোহিতের এই পরিবর্তন কিন্তু হঠাৎ নয়। ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নিজের ফিটনেসে জোর দিয়েছেন ৩৮ বছরের এই ব্যাটার। লক্ষ্য একটাই, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর সেই শিরোপা জয়ের স্বপ্ন এখনও তাড়া করে ফিরছে রোহিতকে। গত বছর ১৪টি ওয়ানডেতে ৬৫০ রান, গড় ৫০, পরিসংখ্যানই বলছে তাঁর প্রস্তুতির কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের সিরিজেও রোহিতকে দেখা গিয়েছে দুরন্ত ফর্মে। তিন ম্যাচে রোহিত করেন ২০২ রান, যার মধ্যে সিডনিতে অপরাজিত ১২১ রয়েছে তাঁর।

সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকলেও আইপিএলে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা ছন্দপতন হয়েছে রোহিতের।

২৭২ ম্যাচে ৭,০৪৬ রান করে তিনি লিগের অন্যতম সেরা হলেও ধারাবাহিকতা ছিল না। শেষবার ২০১৬ সালে ৪৫০-র বেশি রান করেছিলেন রোহিত। গত ন’টি মরশুমে মাত্র তিনবার ৪০০ পেরিয়েছেন হিটম্যান।

গত মরশুমে ৪১৮ রান করলেও পুরনো ঝলক দেখা গিয়েছে মাঝেমধ্যে, কিন্তু ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। তবে ওজন কমিয়ে এবং ফিটনেস বাড়িয়ে এবারের আইপিএলে নতুন করে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সও আশাবাদী এবার ফের পুরনো ছন্দে দেখা যাবে হিটম্যানকে।

পাঁচ রাজ্যে ভোট ঘোষণার কিছুদিনের মধ্যেই আইপিএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথমে ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হলেও, এবার পুরো লিগ পর্বের ভেন্যু ও ম্যাচ তালিকা নিশ্চিত করা হয়েছে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচির জন্য অপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী ২৮ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। লিগ পর্বের শেষ ম্যাচ ২৪ মে কলকাতায় নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত হবে।