আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীন বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। দলের অলরাউন্ডার মিচেল স্যান্টনার চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।

২৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন চোট পান তিনি। ১৭-তম ওভারে কার্তিক শর্মাকে আউট করতে গিয়ে শরীর ছুড়ে ক্যাচ নেন স্যান্টনার। 

এরপরই তাঁকে বাঁ কাঁধ চেপে ধরতে দেখা যায়। মাঠ ছেড়ে যাওয়ার পর ডাগআউটে তাঁর কাঁধে বরফ দেওয়া হয় এবং হাত স্লিংয়ে রাখা হয়।

পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে বদলি হিসেবে শার্দুল ঠাকুরকে নামানো হয়, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

চলতি মরশুমে ইতিমধ্যেই চাপে রয়েছে মুম্বই। সাত ম্যাচে পাঁচটিতে হেরে মুম্বই পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। 

স্যান্টনারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মাহারাজকে। 

 ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রোটিয়া দলের নিয়মিত সদস্য তিনি। তাঁর নিখুঁত লাইন-লেন্থ এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য বিশ্বক্রিকেটে তিনি বিশেষভাবে পরিচিত।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলেও তখনও একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহারাজ। 

পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় মহারাজের। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি।

শেষ ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ৩১টি উইকেট নেন মহারাজ। যার মধ্যে সেরা পারফরম্যান্স ১৫ রানের বিনিময়ে তিন উইকেট। 

সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফের অংশ ছিলেন। হরমনপ্রীত কৌরের  নেতৃত্বাধীন ভারতকে ৪-১ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।

এদিকে, পিছোতে পিছোতে মুম্বই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট টেবিলের ন' নম্বরে। মুম্বই কি ঘুরে দাঁড়াতে পারবে, সেটাই দেখার।